২০২২ সালে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ওই বছর ৪ মার্চ বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দলের বিপক্ষে স্বাগতিক নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। সেরা আটটি দল নিয়ে ছয় শহরে ৩১ দিন ধরে হবে ৩১টি ম্যাচ।
৫ মার্চ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড হ্যামিল্টনে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। একই দিনে ডুনেডিনে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ বাছাইয়ে উত্তীর্ণ একটি দল। ২০১৭ সালের রানার্সআপ ভারত ৬ মার্চ মোকাবিলা করবে বাছাই থেকে উঠে আসা অন্য একটি দলকে।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে মূল পর্বে জায়গা পাবে তিনটি দল। ২০২১ সালের ২৬ জুন থেকে ১০ জুলাই শ্রীলঙ্কায় হবে বাছাই প্রতিযোগিতা।
বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী আটটি দল প্রত্যেকে একে অন্যের সঙ্গে খেলবে। রাউন্ড রবিন শেষে শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ৩০ মার্চ হবে প্রথম সেমিফাইনাল। পরের দিন দ্বিতীয় সেমিফাইনাল হবে ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে। ৩ এপ্রিলের ফাইনালও হবে এই ভেন্যুতে। তিনটি ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে।
এমআর





