দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচা-মরার ম্যাচে পরিণত হয়েছে। কারণ এই ম্যাচে হেরে গেলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটিও হাতছাড়া হয়ে যাবে। তাই সিরিজ বাঁচানোর লক্ষ্যে রোববার মাঠে নামবেন মাশরাফিরা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল তিনটায়।

ওয়ানডেতে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা ছিল প্রবল। কারণ সাম্প্রতিক পারফরমেন্স তেমনটাই বলছে। বিশ্বকাপের পর পাকিস্তান ও ভারতের বিপক্ষে দাপটের সাথে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিলো টাইগাররা। তাই ওই দুই সিরিজের পারফরমেন্সে ফলাফলে ওয়ানডেতে অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ।

কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পনই করল বাংলাদেশ। বৃষ্টির কারণে আড়াই ঘন্টা পর খেলা শুরু হলে, ৪০ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি। সেখানে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার অভিষেক পেসার রাগিসো রাবাদার ঝড়ের মুখে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ব্যাট হাতে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ব্যাটসম্যানদের পর বোলাররাও সফল হতে পারেনি। দক্ষিণ আফ্রিকার মাত্র দুটি উইকেট শিকার করতে পেরেছিল তারা। রানের চাকাও আটকাতে পারেনি। মাত্র ৩১.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।

বাংলাদেশ যেখানে জয়ের জন্য অস্থির, সেখানে বেশ টগবগে অবস্থায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। টি-২০ সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজেও দুর্দান্ত সূচনা করলো প্রোটিয়াসরা। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে উন্মুখই হয়ে থাকবে আমলা-রাবাদারা।

বাংলাদেশ স্কোয়াড (সম্ভাব্য): মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড (সম্ভাব্য) : হাশিম আমলা (অধিনায়ক), কাইল এ্যাবট, ফারহান বেহারদিয়ান, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, ওয়েন পার্নেল, এ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, রিলি রোসৌ ও ইদি লেই।

জেডআই