গতকাল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে সুনীল ছেত্রীর জাতীয় দলে ফেরার ঘোষণা দেয়। বাংলাদেশের বিপক্ষে তার ইতিহাস বেশ ভালো। তাই বাংলাদেশ দলের মধ্যেও ছেত্রীর ফেরার খবর নিয়ে আলোচনা চলছে। ইতোমধ্যে সৌদি আরবে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ও দুই ফুটবলার সাদ উদ্দিন ও শেখ মোরসালিন এই প্রসঙ্গে তাদের মতামত দিয়েছেন।
২০১৯ সালে কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের একমাত্র গোলদাতা সাদ উদ্দিন সুনীলের ফেরাকে স্বাভাবিকভাবেই দেখছেন। তিনি বলেন, ‘ফুটবলে এটা স্বাভাবিক (অবসর থেকে ফেরা)। কোনো চাপ নেই। তার (সুনীল) সঙ্গে খেলতে ভালো লাগবে, কোনো সমস্যা নেই।’
ভারত ম্যাচে আবারও গোল করার প্রত্যাশা ব্যক্ত করে সাদ বলেন, ‘ব্যক্তিগতভাবে এবং দল হিসেবে আমরা সবাই ভারত ম্যাচের জন্য মুখিয়ে আছি। সবাই নিজেদের সেরাটা দেয়। সুযোগ পেলে আবারও গোল করতে চাই।’
২০২৩ সালে সাফ ফুটবলে অভিষেক হওয়া শেখ মোরসালিন এখনও ভারতের বিপক্ষে খেলতে পারেননি। তিনিও ছেত্রীর ফেরায় উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘ভালো হয়েছে যে সে (সুনীল) আসছে। না হলে ম্যাচটা অপূর্ণ থাকত। আমরা ভারত ম্যাচের জন্য প্রস্তুত। এবার সবকিছু আগে থেকেই শুরু করেছি। এই ম্যাচটা জিততেই হবে।’
স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ২০২২ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেন। তিন বছরে ২০টির বেশি ম্যাচ কোচিং করলেও ভারতের বিপক্ষে এখনও লড়াইয়ের সুযোগ পাননি। এবার যখন ভারতকে হারানোর পরিকল্পনা করছে বাংলাদেশ, তখনই অবসর ভেঙে ফিরেছেন সুনীল।
তবে কাবরেরা প্রতিপক্ষ নিয়ে নয়, নিজেদের প্রস্তুতির দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের কোনো পরিবর্তন নেই, আমরা শুধু নিজেদের সেরা প্রস্তুতি নেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই সুনীলকে চিনি। সম্প্রতি বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত খেলেছে সে। তারা (ভারতীয় ফেডারেশন) তাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে খেলা আরও উপভোগ্য হবে।’
এনএইচ