চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে ইব্রাহিমোভিচের জোড়া গোলে বড় ব্যবধানে জয় পেয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মঙ্গলবার জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের মাঠে ৪-০ গোলে জিতেছে তারা।
বায়অ্যারিনা স্টেডিয়ামে সফরকারী হিসেবে খেলতে নামলেও খেলার মাত্র তিন মিনিটেই এগিয়ে যায় পিএসজি। মার্কো ভেরাত্তির কাছ থেকে পাওয়া বল জালে জড়িয়ে দিয়ে দলকে লিড এনে দেন ব্লাইসি মাতুইদি।
৩৯ মিনিটে পেনাল্টি কিক থেকে দলের লিডকে ডাবলে নিয়ে যান ইব্রাহিমোভিচ। এই গোলটির তিন মিনিট পর আরো এক গোল করেন তিনি। ফলে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ১০ গোল করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে থাকা লেভারকুসেন খেলায় ফিরে আসতে চেষ্টা করে। কিন্তু সেটি তাদের পক্ষে সম্ভব হয়নি। বরং ৫৯ মিনিটে এমির স্পাহিক দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখায় ১০ জনের দল নিয়ে খেলা শেষ করতে হয় স্বাগতিকদেরকে।
১০ জনের দল পেয়ে আরো উজ্জীবিত হয়ে ওঠে সফরকারীরা। ৬৬ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার আনন্দে মেতে ওঠেন মাতুইদি। কিন্তু অফ সাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। তবে ৮৮ মিনিটে লুকাসের সহায়তায় এক হালি গোল পূর্ণ করেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ইয়োহান কাবেই।