নিরাপত্তার কারণ দেখিয়ে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশে না আসার সম্ভবনা দেখা দিয়েছিল। এই টুর্নামেন্ট দুটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে দেশটি- এমন খবরও প্রকাশ করে ভারতের বার্তা সংস্থা পিটিআই। অথচ সবার আগেই বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। যদিও এশিয়া কাপের আগে দ্বি-পক্ষীয় সিরিজ খেলতে এখানেই অবস্থান করছে শ্রীলংকা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ দিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট। উপমহাদেশের বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে অংশ নিতে শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। একদিন পর অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি ঢাকায় অবতরণ করবে ভারত ও টুর্নামেন্টের নবাগত দল আফগানিস্তান। দ্বিপাক্ষিক সিরিজ শেষে বাংলাদেশ ও শ্রীলংকাও যুক্ত হবে এশিয়া কাপের উত্তেজনায়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে পাকিস্তান। পরদিন দুপুর সোয়া ১২টায় ভারত এবং সন্ধ্যা সাড়ে ৭টায় আফগানিস্তান দল ঢাকায় পা রাখবে বলে আজ জানিয়েছেন এশিয়া কাপের টুর্নামেন্ট ডিরেক্টর আমিনুল ইসলাম বুলবুল।
উল্লেখ্য, ২০১২ সালে এশিয়া কাপের একাদশ আসরও ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। ওই আসরের ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে পরাজিত হয়েছিল স্বাগতিক বাংলাদেশ।