লোঢা কমিটি বোর্ডের তহবিল থেকে টাকা না দিলে বাতিল করতে হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। সুপ্রিম কোর্টে এমনই চরম বার্তা দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আগামিকাল, বুধবার, থেকে গুজরাতের রাজকোটে শুরু হওয়ার কথা দু’দেশের টেস্ট সিরিজ।
গত মাসেই শীর্ষ আদালত রায় দিয়েছিল, লোঢা কমিটির সুপারিশ কার্যকর না হওয়া পর্যন্ত বিসিসিআই কোনও রাজ্য ক্রিকেট সংস্থাকে তহবিল থেকে টাকা দিতে পারবে না। রাজকোট টেস্টের আয়োজক সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসসিএ)। আদালতের নিষেধাজ্ঞায় বোর্ডের পক্ষ থেকে কোনও টাকা দেওয়া যায়নি এসসিএ-কে।
সুপ্রিম কোর্টে লোঢা কমিটির আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম অভিযোগ করেন, ভারতীয় ক্রিকেট বোর্ড আদালতের নির্দেশ মেনে কাজ করছে না। বোর্ডের আইনজীবী কপিল সিব্বলের পাল্টা বক্তব্য,“যদি আমরা (বিসিসিআই) আদালতের নির্দেশ মতো না চলে থাকি তবে লোঢা কমিটি তহবিল থেকে টাকা দিক।” সিব্বল আদালতকে বলেন, টাকা না দিলে কাল খেলা শুরু করা সম্ভব নয় এবং হয়ত ম্যাচটাই বাতিল করে দিতে হবে।
সম্ভবত আজ বিকেলের দিকেই সুপ্রিম এ নিয়ে তার নির্দেশ দেবে।আগামিকাল থেকে প্রথম টেস্ট খেলতে ইতিমধ্যেই রাজকোট পৌঁছে গেছে ভারত, ইংল্যান্ড দু’দলই। এই সিরিজে মোট পাঁচটি টেস্ট ম্যাচ হওয়ার কথা। তার পর আছে ওয়ান ডে সিরিজও।
নাছের





