ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে বৃষ্টি আইনে ২৯ রানের জয় পেয়েছে কলাবাগান ক্রীড়াচক্র। এই জয়ে সুপার লিগের দৌড়ে টিকে রইল মাশরাফি বিন মুর্তজার দল।
সোমবার বৃষ্টিবিঘ্নিত দিনে ১৪.২ ওভারে কলাবাগান ক্রিকেট একাডেমি ৪ উইকেটে ৩৫ রান তুলে নেয়। সেখান থেকে মঙ্গলবার রিজার্ভ ডেতে ম্যাচ শুরু হয়। মেহেদী হাসান মিরাজ ও তাপষ ঘোষ দিন শুরু করেন।
মিরাজ রানের খাতা খুললেও তাপষ রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন। আব্দুর রাজ্জাকের বলে তানভীরের হাতে ক্যাচ দেন তাপস।
ষষ্ঠ উইকেটে দলকে ৭৫ রান পর্যন্ত টেনে নেন মিরাজ ও নুরুজ্জামান। ২২ রানে মিরাজ শরীফউল্লাহর শিকার হলে একা হয়ে যান নুরুজ্জামান। প্রতিবেশী দলের বিপক্ষে একাই লড়াই চালিয়ে যান নুরুজ্জামান। ৪২ রান আসে তার ব্যাট থেকে।
এ ছাড়া শেষ দিকে ১৫ রান করেন নূর হোসেন। শেষ পর্যন্ত কলাবাগান ক্রিকেট একাডেমি ৩৯.২ ওভারে ১২৮ রান সংগ্রহ করে।
কলাবাগান ক্রীড়াচক্রের সেরা বোলার আব্দুর রাজ্জাক। আগের দিনের একটি উইকেটের সঙ্গে আজ আরো দুটি উইকেট অর্জন করেন তিনি। এ ছাড়া শাবাজ চৌহান নেন ২ উইকেট।
সহজ টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেটরক্ষক-ব্যাটসম্যান জসিমউদ্দীনকে হারায় কলাবাগান। সতীর্থকে হারালেও চমক দেখান হাসানুজ্জামান। আগের রাউন্ডে ৫৩ বলে ৯৫ রান করা ডানহাতি এই ওপেনার এদিনও ব্যাট হাতে জ্বলে উঠেন। ৩ চার ও ৩ ছক্কায় ৪৭ রান করে সাজঘরে ফেরেন।
তার আগে ও পরে সাজঘরে ফেরেন তাসামুল হক ও মেহরাব হোসেন জুনিয়র। ২৩ ওভারে ৪ উইকেটে তাদের রান ৯১। এরপর আলোর স্বল্পতার কারণে ম্যাচ বন্ধ রাখায় হয়। এরপর শুরু হয় বৃষ্টির বাগড়া। আগের দিনের পর বৃষ্টিতে ধুয়ে দিয়ে যায় পুরো স্টেডিয়াম।
ম্যাচ অফিসিয়ালরা এরপর বৃষ্টি আইনে কলাবাগান ক্রীড়াচক্রকে জয়ী ঘোষণা করে। ২৩ ওভারের টার্গেটে ২৯ রানে এগিয়ে থেকে জয় নিশ্চিত হয় মাশরাফির দলের।
ম্যাচ সেরা নির্বাচিত হন আব্দুর রাজ্জাক।
এফএফ





