পাকিস্তানের টি-টোয়েন্টি ও টেস্ট নেতৃত্ব হারিয়েছেন সরফরাজ আহমেদ।
শুক্রবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে টেস্ট অধিনায়ক ঘোষণা করেছেন তারা।
আসন্ন অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন টপঅর্ডার ব্যাটসম্যান আজহার আলী।
সেখানে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবেন তারা। অজিদের বিপক্ষে এ সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবেন মেন ইন গ্রিনরা।
ক্রিকেটের অভিজাত সংস্করণে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেরা রান সংগ্রহকারী আজহার। টেস্টে অধিক মনোযোগ দিতে গেল বছর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি।
এখন পর্যন্ত এই ফরম্যাটে ১৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই বিশেষজ্ঞ ব্যাটসম্যান। রান করেছেন ৫৬০০-এরও বেশি।
ক্রিকেটের লংগার ভার্সনে অধিনায়কত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত আজহার বলেন, পাকিস্তান জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারার মতো সম্মানের বিষয় আর নেই। আমি দারুণ রোমাঞ্চিত ও উত্তেজিত। আমার ওপর আস্থা রাখার জন্য বোর্ডকে ধন্যবাদ।
তিনি বলেন, সবার সমর্থনে সামনে এগিয়ে যেতে চাই। ক্রিকেটবিশ্বে দলকে ভালো অবস্থানে রাখাই আমার মুখ্য উদ্দেশ্য।
এমবি





