২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল স্বাগতিক ব্রাজিল। অবশেষে দলের সেরা তারকা নেইমারের জোড়া গোলে ও অস্কারের শেষ মুহুর্তের গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার সাও পাওলোতে দুর্দান্ত আক্রমণে খেলার ১১ মিনিটেই মার্সলোর কাছ থেকে আত্মঘাতী গোল আদায় করে নেয় ক্রোয়েশিয়া। শুরুতে পিছিয়ে পড়লেও হাল ছেড়ে দেয়নি কোচ লুইজ ফিলিপ স্কলারির শিষ্যরা। বিশেষ করে নেইমারের দুর্দান্ত খেলার কথা বলতেই হয়। এতে ফলও পেয়ে যায় দলটি। খেলার ২৯ মিনিটে গোলটি শোধ করে দেন নেইমার।

১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় ব্রাজিল-ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে গোলের জন্য অনেক মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। থিয়াগো সিলভা-ডেভিড লুইজদের রক্ষণভাগ ভেদ করে কয়েকবার আক্রমণও করে তারা। কিন্তু তাদের কিক করা বল জাল খুঁজে পায়নি।

খেলার ৭১ মিনিটে রেফারির কুটিল সিদ্ধান্তের শিকার হয় ক্রোয়েশিয়া। ডি বক্সের মধ্যে মারাত্মক কোনো ট্যাকেল ছাড়াই পড়ে যায় ব্রাজিলিয়ান ফ্রেড। কিন্তু তাতেই পেনাল্টি কিকের জন্য বাঁশি বাজান জাপানিজ রেফারি। এদিন দুর্দান্তভাবে গোল সেভ করা ক্রোয়েশিয়ার গোলরক্ষক বেশ ভালোভাবেই পেনাল্টি কিক ফিরিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু নেইমারের বলটি তার হাতে লাগার পরও জালে জড়িয়ে যায়। ফলে এগিয়ে যায় ব্রাজিল।

খেলা শেষ হওয়ার কিছু আগে ব্রাজিলের জালে বল জড়ায় ক্রোয়েশিয়া। কিন্তু বল হেড করতে গিয়ে ফাউল করার দায়ে পড়েন ওলিচ। এতে তাদের করা গোলটি বাতিল করে দেয় রেফারি।

৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখে ব্রাজিল। তবে ব্যবধানটা আরো একটু বাড়িয়ে দেন অস্কার। ৯০+২ মিনিটে আরেকটি গোলটি করেন তিনি।

প্রথম ম্যাচেই দুই গোল করে গোল্ডেন বুট জয়ের পথে অনেকটা এগিয়ে গেলেন নেইমার। কিন্তু এই বিশ্বকাপে প্রথম হলুদ কার্ড দেখা খেলোয়াড়ও তিনি। প্রথম গোলটি করার দুই মিনিট আগে সতর্ক সঙ্কেত পান তিনি।

ঢাকা,১৩জুন (টাইমনিউজবিডি) //জেডআই