সিলেটে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার একমাত্র চারদিনের টেস্ট শুরু হয়েছে। প্রথম দিন ব্যাট হাতে দ্যুতি ছড়াতে না পারলেও বল হাতে লড়াইয়ের আভাস দিয়েছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ধীরলয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল (৪২ বলে ২০ রান) ও ইফতেখার হোসেন (৯০ বলে ৩৭ রান) উদ্বোধনী জুটিতে ৪৬ রান জড়ো করেন। ৬৯ রানের মধ্যে দুইজনই বিদায় নিলে শ্লথ হয়ে যায় রানের গতি।

অধিনায়ক আইচ মোল্লা (৯৫ বলে ৩৯ রান) ও মেহেরব হাসান (৪৩ বলে ২৮ রান) প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তারাও বিদায় নিলে তাসের ঘরের মত ভেঙে পড়ে যুবাদের ব্যাটিং লাইনআপ। শেষপর্যন্ত ৬৩ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৬২ রানে।

আফগানিস্তানের পক্ষে বিলাল সামি একাই শিকার করেন পাঁচটি উইকেট। ইজহারউল্লাক নাভিদ শিকার করেন চারটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে আফগানরা প্রথম উইকেট হারিয়ে ফেলে দলীয় ৪ রানে। সুলিমান শাফিকে রানআউটের ফাঁদে ফেলেন রিপন মণ্ডল। দলীয় ২৩ রানে সাজঘরে ফেরেন ওয়ান ডাউনে নামা ইসহাক জাজাই।

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগান যুবারা দিন শেষ করেছে ২ উইকেটে ৪০ রান নিয়ে, ২৩ ওভারে। বাংলাদেশের পক্ষে একটি উইকেট পেয়েছেন আশরাফুল ইসলাম। রিপন মণ্ডল ৭ ওভার বল করে খরচ করেছেন মাত্র ২ রান, মেডেন ওভার করেছেন ৫টি।বিডিক্রিকটাইম

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)

টস: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথম ইনিংস: ১৬২/১০ (৬৩ ওভার)
আইচ ৩৯, ইফতেখার ৩৭, মেহরব ২৮, নাবিল ২০
সামি ৪২/৫, নাভিদ ৪৫/৪ 

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৪০/২ (২৩ ওভার)
জাজাই ১৭, বিলাল ১১*, ইজাজ ৮*
আশরাফুল ১৩/১, রিপন ২/০

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১২২ রানে পিছিয়ে।

এমবি