গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন লাউতারো মার্টিনেস ও রোমেলু লুকাকু। দুজনেই করলেন জোড়া গোল। সেই সঙ্গে জালের দেখা পেয়েছেন দানিলো দামব্রোজিও। তিন তারকার নৈপুণ্যে শাখতার দোনেস্ককে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান।

গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত লিগের দ্বিতীয় সেমিফাইনালে শাখতারকে ৫-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ফাইনালের আরেক প্রতিপক্ষ হলো সেভিয়া। গত রোববার প্রথম সেমি-ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো ফাইনালে ওঠে সেভিয়া। আগামী শুক্রবার ফাইনালে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ইন্টার মিলান।

গতকাল ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় ইন্টার। প্রতিপক্ষের গোলরক্ষের ভুলে পাস পেয়ে যান নিকোলো বারেল্লা। তাঁর বাড়ানো ক্রসে দারুণ হেডে জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা মার্টিনেস।

বাকি গোলগুলো আসে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দামব্রোজিও। কর্নার থেকে আসা বলে হেডে বল জালে পাঠান তিনি। ১০ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন মার্টিনেস।

এরপর শেষের দিকে চমক দেখান লুকাকু। ৭৮ মিনিটে নিজের প্রথম গোলের দেখা পান তিনি। সেখানেও অবদান ছিল মার্টিনেসের। আর্জেন্টাইন স্ট্রাইকারের বাড়ানো বল ধরে গোলটি করেন বেলজিয়াম তারকা। এরপর ৮৩ মিনিটে স্কোর লাইন ৫-০ করে দলের বড় জয় নিশ্চিত করেন লুকাকু।

এমআর