গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট- আরও একবার প্রমাণিত হলো ক্যারিবিয়ান ক্রিকেট লিগের এবারের আসরের মাধ্যমে।
যেখানে টুর্নামেন্টের হট ফেভারিট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস।
পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা গায়ানাকে পরাজয় উপহার দিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে চ্যাম্পিয়নরা।
আজ রোববার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ২৭ রানে হারিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস। এর আগে প্রথম কোয়ালিফায়ারে এই গায়ানার কাছেই ৩০ রানে হেরেছিলেন সাকিবরা। আজ সেই হারের প্রতিশোধ দারুণভাবে নিল বার্বাডোজ।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে এদিন টস জিতে গায়ানাকে বোলিংয়ের আমন্ত্রণ জানায় বার্বাডোজ। আগে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন এলেক্স হেলস ও জনসন চার্লস। প্রথম জুটিতে দুজন মিলে তোলেন ৪৩ রান। ২৪ বলে ২৮ রানে হেলস সাজঘরে ফিরলে ভেঙে যায় এই জুটি।
মাঝে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় দলটি। শেষের দিকে ব্যাটিংয়ে ঝড় তুলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন কার্টার। মাত্র ২৭ বলে চারটি ছক্কা আর চার বাউন্ডারিতে ৫০ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তাতে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭১ রানের সংগ্রহ পায় বার্বাডোজ।
দলের জয়ের দিনে ব্যাট হাতে ম্লান ছিলেন বাংলাদেশি তারকা সাকিব। ১৫ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠতে পারেননি তিনি। দুই ওভার বল করে ১৮ রান দিয়ে ছিলেন উইকেট-শূন্য।
বরং বল হাতে দুর্দান্ত করেছেন রেইফার। চার ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। দ্রুত উইকেট হারানোর চাপ কাটিয়ে বেশিদূর যেতে পারেনি গায়ানা। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৪ রানে থামে গায়ানার ইনিংস।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ বলে ৪৩ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং। ১৪ বলে ২৫ রান করেন কিমো পল। টানা ১১ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখলো শোয়েব মালিকের দল।
এএস





