শ্রীলংকার সফর থেকেই যেন 'জয়' নামক শব্দটি বাংলাদেশের কাছে সোনার হরিণে পরিণত হয়। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেই সোনার হরিণ ধরা দিল বাংলাদেশকে। বুধবার আমিরাতকে চার উইকেটে হারিয়েছে মুশফিকরা।
ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৭ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ। তামিম ও মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে। তবে ২০ বলে ২৭ রান করে আউট হয়ে যান মুশফিক।
দলীয় ৮২ রানে চতুর্থ উইকেটে তামিম ইকবাল সাজঘরে ফিরে যান। মাঠ ছাড়ার আগে ৩০ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৪৩ রান করে দলের ভিত গড়ে দিয়ে যান তিনি। এরপর নাসির (২৩ বলে ১৫) ও মুমিনুল (৯ বলে ৪) আশাহত করে সমর্থকদেরকে। তবে মাহমুদুল্লাহ ও ফরহাদ রেজার ব্যাটে সাত বল হাতে থাকতে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। ১৬ বলে ৫টি চারে হার না মানা ২৯ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। তার সঙ্গে ৭ বলে ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন ফরহাদ।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ক খুররাম খান। টেস্ট খেলুড়ে বাংলাদেশের বোলারদেরকে বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে তার দল।
প্রস্তুতি ম্যাচটিতে ব্যাট হাতে আমিরাতের প্রথম দিকের ব্যাটসম্যানরা ভালোই স্কোর সংগ্রহ করেছিল। ওয়ানডাউনে নামা দলনেতা খুররাম খান সর্বোচ্চ ৪৪ রান করেন। ৩৫ বলে ৬টি চারের সুবাদে এই স্কোর করেন তিনি।
ওপেনার আমজাদ আলী ১৯ রান করলেও উদ্বোধনী জুটির ফাইজান আসিফ মাত্র ২২ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩১ রান করে আউট হন। এছাড়া শামীম আনোয়ারের ১৯ রানই উল্লেখযোগ্য।
বাংলাদেশের বোলার ফরহাদ রেজার দুটি উইকেট ছাড়া একটি করে উইকেট পান আল আমিন, রুবেল, মাহমুদুল্লাহ ও আব্দুর রাজ্জাক।