আজ রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও জার্মানি। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দুই যুগ আগের ফাইনারের সেই প্রতিপক্ষ জার্মানিই ফের তাদের প্রতিপক্ষ। জার্মানি সর্বশেষ ফাইনাল খেলেছিল ২০০২ বিশ্বকাপে। তারপর গত দুটি বিশ্বকাপের সেমিফাইনালে খেললেও শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট পায়নি। এবার সেই বাধা অতিক্রম করেছে তারা। এবার দেখে আসা যাক কিভাবে গ্রুপ পর্ব থেকে ফাইনাল নিশ্চিত করেছে দল দুটি।

আর্জেন্টিনা

ব্রাজিল বিশ্বকাপে ‘এফ’গ্রুপভুক্ত হয়ে খেলতে আসে আর্জেন্টিনা। গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ ছিল বসনিয়া, ইরান ও নাইজেরিয়া।

১৫ জুন প্রথমবার বিশ্বকাপে অংশ নেয়া বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওই ম্যাচে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।

দ্বিতীয় ম্যাচে মেসির একমাত্র গোলে জয় পায় ইরানের বিপক্ষে। আর শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে আর্জেন্টিনা।

১ জুলাই দ্বিতীয় রাউন্ডে দলটি মুখোমুখি হয় সুইজারল্যান্ডের। অতিরিক্ত সময়ের একমাত্র গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টাইনরা।

৫ জুলাই কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। আর বুধবার সেমিফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে দুই যুগ পর ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

জার্মানি

ইউরোপীয় জায়ান্ট জার্মানির বিশ্বকাপ শুরু এবং ফাইনালে ওঠার দৃশ্যপট দুর্দান্ত। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে দলটি। দ্বিতীয় ম্যাচে ঘানার সঙ্গে ড্র দলটির বাকি ম্যাচগুলোর পারফরম্যান্স নিয়ে চিন্তায় ফেলে দেয় সমর্থকদের। তৃতীয় ম্যাচেও অপেক্ষাকৃত ‘দুর্বল’যুক্তরাষ্ট্রের সঙ্গে একমাত্র গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে তিনবারের চ্যাম্পিয়নরা।

৩০ জুন নকআউটে আলজেরিয়ার সঙ্গে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকে জার্মানরা। অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। ৪ জুলাই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে একমাত্র গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে জার্মানরা। আর মঙ্গলবার স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ফাইনাল নিশ্চিত করে জার্মানরা।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই