ফিফা ক্লাব বিশ্বকাপ আগামী বছর ১-২১ ফেব্রুয়ারি কাতারের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ মহামারির কারণে চলতি বছরের শুরুতেই এই টুর্নামেন্টটি বাতিল করা হয়েছিল।
ছয়টি আঞ্চলিক কনফেডারেশনের শীর্ষ দল ও আয়োজক দেশের স্থানীয় লিগ চ্যাম্পিয়ন দল এই আসরে অংশ নিয়ে থাকে। ২০২২ কাতার বিশ্বকাপের তিনটি স্টেডিয়াম আহমাদ বিন আলী, খলিফা ইন্টারন্যাশনাল ও এডুকেশন সিটিতে এবারের এই ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
গত ১৮ ডিসেম্বর আহমাদ বিন আলী স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি কাতার চ্যাম্পিয়ান আল দুহালি ও অকল্যান্ড সিটি অব নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু হবে। ১১ ফেব্রুয়ারি এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
আসরের অন্য দলগুলো হচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, কনকাকাফ চ্যাম্পিয়ান মেক্সিকান ক্লাব টাইগার্স ইউএএনএল, মিসরের ক্লাব আল আসলি এসসি ও সিএএফ চ্যাম্পিয়ানস লিগ বিজয়ী দল এবং এএফসি চ্যাম্পিয়ানস লিগ বিজয়ী উসলান হুন্দাই ক্লাব। এ ছাড়া দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করবে কনমেবল লিবারটেডর্স বিজয়ী দলটি। ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে এই অঞ্চলের বিজয়ীর নাম ঠিক হবে। আগামী ১৯ জানুয়ারি জুরিখে ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কে ২০২২ বিশ্বকাপে প্রধান নির্বাহী নাসির আল খাতের বলেন, ‘টানা দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে পারাটা সত্যিই ভালোলাগার। এর মাধ্যমে আমরা আরো বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারছি, যা ২০২২ কাতার বিশ্বকাপকে সফলভাবে আয়োজন করতে কাজে আসবে। আশা করছি আগামী দুই বছরের মধ্যে মধ্যপ্রাচ্যে একটি ঐতিহাসিক বিশ্বকাপ সবাইকে উপহার দিতে পারব।
কোভিড পরিস্থিতিতে আমরা কীভাবে খেলোয়াড়, সমর্থক, অফিশিয়ালদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করব, গত কয়েক মাসে সেটা নিয়েই নিবিড়ভাবে কাজ করেছি। নতুন বছরে আমরা বিশ্বসেরা ক্লাবগুলোকে আতিথেয়তা দেওয়ার জন্য মুখিয়ে আছি। এটি অব্যশই ২০২২ কাতার বিশ্বকাপের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।’
এমআর





