প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটে ৪৯৬ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে খেলতে নেমে আজ শুক্রবার দ্বিতীয় দিনশেষে টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়ে ৩৪ ওভারে ১২৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
মুমিনুল হক ২৮ ও তামিম ইকবাল ২২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে দলের পক্ষে ডেন এলগার ১৯৯, হাসিম আমলা ১৩৭ এবং মার্ক্রাম ৯৭ রান করেন। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট পান মোস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলাম।
বৃহস্পতিবার টস হেরে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন শেষ করে ১ উইকেটে ২৯৮ রান।
দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন হাসিম আমলা এবং ওপেনার এলগার। আমলা ১৩৭ রান করে শফিউলের বলে আউট হন। তবে এলগার ভালোভাবেই এগোচ্ছিলেন নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু নার্ভাস নাইনটি বলে একটা কথা আছে না! সেখানেই পরাস্ত হলেন এলগার।
এলগার ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে অর্থাৎ ১৯৯ রানে এসে অনেকটা স্নায়ুচাপে ভুগেই আউট হলেন এ ওপেনার। এলগারের উইকেটটা তুলে নিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ১৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংসে এলগার বল খেলেন ৩৮৮টি।
এর আগে এলগার ওপেনিং ব্যাটসম্যান মার্ক্রামের সঙ্গে ১৯৬ রানের জুটি গড়েন। মার্ক্রাম ৯৭ রান করে আউট হন। পরে হাসিম আমলার সঙ্গে ২১৫ রানের জুটি গড়েন এলগার। এদিকে দক্ষিণ আফ্রিকা তাদের ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে। তবে ওপেনিংয়ে দেখা যায়নি তামিম ইকবালকে।
উদ্বোধনী জুটি হিসেবে মাঠে নামেন ইমরুল কায়েস এবং লিটন দাস। তবে দুই ওপেনারই অহেতুক খোঁচা মারতে গিয়ে সাজঘরে ফিরেন। ইমরুল কায়েস ৭ রান করে রাবাদার বলে এবং লিটন দাস ২৫ রান করে মর্কেলের বলে আউট হন। দুটি লাইফ পাওয়া মুশফিক ৪৪ রানে মহারাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন।
বাংলাদেশের স্কোয়াডে: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে: ডিন এলগার, এইডেন মারক্রাম, হাশিম আমলা, তেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), অ্যান্ডিল ফেলুকোয়াইয়ো, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, মর্নে মরকেল ও ডুয়েনে অলিভিয়ের।
এমবি





