হ্যানোভার ৯৬'কে ৪-০ গোলে বিধ্বস্ত করে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। এই নিয়ে বায়ার্ন ২২টি লিগ ম্যাচে ২০তম জয় পেল। আর দ্বিতীয় স্থানে থাকা বায়ার লিভারকুসেনের থেকে ১৯ পয়েন্ট এগিয়ে গেল।
গত বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র লড়াইয়ের প্রথম লেগে আর্সেনালকে ২-০ গোলে পরাজিত করেছে বায়ার্ন। ইউরোপীয়ন শীর্ষ লড়াইয়ের পাশাপাশি নিজেদের ঘরোয়া লিগেও এভাবে আধিপত্য বিস্তার করে বায়ার্ন গত বছরের ট্রেবল জয়ের দিকেই এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বুন্দেসলিগায় বায়ার্নের মূল প্রতিপক্ষ বায়ার লিভারকুসেন, বরুসিয়া ডর্টমুন্ড এবং শালকে প্রত্যেকেই এই সপ্তাহে পয়েন্ট হারিয়েছে।
বেভারিয়ানরা এই জয়ের মাধ্যমে বুন্দেসলিগায় তাদের অপরাজিত থাকার রেকর্ড ৪৭ ম্যাচ পর্যন্ত বাড়িয়েছে। ২০১২ সালের অক্টোবরে তারা সর্বশেষ ম্যাচ হেরেছিল। এর ফলে ২৪তম জার্মান শিরোপা জয়ের পথেও তারা শক্তভাবেই নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে। গত মৌসুমে ছয় ম্যাচ হাতে রেখেই শিরোপা জেতার রেকর্ড এবার ছাড়িয়ে যায় কিনা সেটাই এখন দেখার বিষয়।
হ্যানোভারের মাঠে ২৫ মিনিটে রাফিনহার ক্রস থেকে থমাস মুলার বেভারিয়ানদের এগিয়ে দেন। এটি ছিল মুলারের ১৪তম লিগ গোল। ৩৪ মিনিটে বাস্টিয়ান শুয়েইন্সেটেইগারের দূর্দান্ত পাস থেকে ব্যবধান দ্বিগুন করেন থিয়াগো আলকানটারা। বিরতির পরে ৫৯ মিনিটে মুলার আবারো হ্যানোভার ডিফেন্সকে বোকা বানিয়ে তৃতীয় গোল উপহার দেন। সাত মিনিট পরে রাফিনহার ক্রস থেকে হেডের সাহায্যে মানজুকিজ সর্বশেষ গোলটি করলে বড় জয় পায় সফরকারীরা।
এর আগে শনিবার লিগ টেবিলের তলানির দিকে থাকা হামবুর্গের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে গতবারের রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ড। দ্বিতীয় স্থানে থাকা বায়ার লিভারকুসেনও ৩-১ গোলে উল্ফসবার্গের বিপক্ষে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছে।