অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ। রোববার চতুর্থ ম্যাচে এক উইকেটে জয় পেয়েছে তারা।
সেন্ট জর্জ পার্কে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় ক্যারিবীয়রা। বল হাতে মাত্র ৩২ রানে তিনটি উইকেট শিকার করে স্বাগতিকদেরকে চাপে ফেলে দেয় তারা।
তবে ডেভিড মিলারের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬২ রান করে দক্ষিণ আফ্রিকা। মিলার ১৩০ রান নিয়ে অপরাজিত থাকেন। এছাড়া ডুমিনির ৪৩ রানই দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ওয়েস্ট ইন্ডিজের বোলার হোল্ডার সর্বোচ্চ চারটি উইকেট পান।
জবাবে ক্যারিবীয়দেরও শুরুটা ভালো হয়নি। দলীয় স্কোর ৫০ রান পার করার আগেই চারটি উইকেট হারায় তারা। তবে মারলন স্যামুয়েলস দলের হাল ধরেন। ৬৪ রান করে তিনি সাজঘরে ফিরে গেলেন ড্যারেন স্যামি ও আন্দ্রে রাসেল দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান।
স্যামি ৫১ রান করে মাঠ থেকে বিদায় নিলে তাদের জয় পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত টিকে থেকে দলের জয় নিশ্চিত করেন রাসেল। ৪০ বল মোকাবিল করে পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় হার না মানা ৬৪ রানের ইনিংস খেলেন তিনি।
এই ম্যাচের আগেই সিরিজটি হাতছাড়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে এক ম্যাচ হাতে থাকতেই দলকে হোয়াইট ওয়াশ থেকে রক্ষা করল সফরকারীরা।
জেডআই





