বিদেশী দলগুলোকে পাকিস্তানে নিয়ে ক্রিকেট খেলানোর চেষ্টা করলেও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
২০১৬ সালে পিএসএল-এর প্রথম আসর কাতারের রাজধানী দোহায় আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু পরে সেটি আমিরাতে আয়োজনের চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি’র একটি সূত্রের বরাত দিয়ে স্পোর্টস ৩৬০ ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে-পিএসএল এখন সংযুক্ত আরব আমিরাতে ফিরিয়ে আনার ‘যথেষ্ট সম্ভাবনা’ আছে। আগামী সপ্তাহেই বোর্ড একটি ঘোষণা দিতে পারে।
এর আগে পিসিবি পাঁচ দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চেয়েছিল। কিন্তু মাস্টার্স ক্রিকেট লীগের (এমসিএল) কারণে আবুধাবি, দুবাই এবং শারজাহর মাঠ না পাওয়ায় বিকল্প হিসেবে কাতারকে বেছে নেয় বোর্ড।
তবে এখন এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি), পিসিবি এবং এমসিএল একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানা গেছে। যার ফলে পাকিস্তান ২০১৬ সালের ৪-২০ ফেব্রুয়ারী সংযুক্ত আরব আমিরাতে এ টুর্নামেন্ট আয়োজন করতে পারছে।
সুপার স্পোর্টসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এমসিএল কোন মন্তব্য করতে রাজি হয়নি। ইসিবি’র সঙ্গে বার বার যোগাযোগ করা হলেও কোন উত্তর মেলেনি।
আগামী ২০ সেপ্টেম্বর লাহোরে এক অনুষ্ঠানের মাধ্যমে পিএসএলের লোগা উন্মোচন করা হবে। অনেক বিদেশী খেলোয়াড় ইতোমধ্যেই এ টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
সাবেক দুই অধিনায়ক ওয়াসিম আকরাম ও রমিজ রাজাকে পিএসএল’র দূত নিয়োগ করা হয়েছে।
জেডআই





