এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন, বাংলাদেশ না ভারত? অপেক্ষা করতে হলো শেষ বল পর্যন্ত। নাটকীয় ভাবে শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। এশিয়া কাপের ফাইনালে টাইগারদের ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে রোহিত বাহিনী।  

এশিয়া কাপে এর আগে দুবার ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। পাকিস্তান ও ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তৃতীয়বার ফাইনালে ভারতের মুখোমুখি হয় লাল-সবুজের দল। এবারও স্বপ্নভঙ্গের হতাশা নিয়েই মাঠ ছাড়েন মাশরাফি-মুশফিকরা।

শুক্রবার (২ে৮ সেপ্টেম্বের) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের করা ২২২ রানের জবাবে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে, তারা হারিয়েছে ৭ উইকেট। 

লক্ষ্য ছোট হলেও, বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই ভারতের ইনিংসে ধাক্কা লাগে। শিখর ধাওয়াকে (১৫) ও আম্বাতি রাইডু (২) দ্রুত ফিরে যান সাজঘরে। পরে অবশ্য রোহিত শর্মার দৃঢ়তায় শুরুর ধাক্কা সামলায় তারা, ভারতীয় অধিনায়ক ৫৫ বলে ৪৮ রান করে আউট হন পেসার রুবেল হোসেনের বলে। এর পর মহেন্দ্র সিং ধোনি ৩৬, দিনেশ কার্তিক ৩৭, কেদার যাদব ২৩, রবিন্দ্র জাদেজা ২৩ ও ভুবনেশ্বর কুমার ২১ রান করেন। 

দুই পেসার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন দুটি করে উইকেট নিয়েও পারেননি ভারতের জয়ের পথে বাধা হতে। আর একটি করে উইকেট নেন মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসরাম অপু ও মাহমুদউল্লাহ। 

এর আগে লিটন দাসের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ গড়েছিল ২২২ রান। উদ্বোধনীতে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের পথ দেখালেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। দলের ইনিংস খুব একটা বড় না হলেও লিটন দাসের সঙ্গে উদ্বোধনীতে দারুণ একটি পার্টনারশিপ গড়েন মিরাজ। দুজনে মিলে করেন ১২০ রানের জুটি। 

এরপর মিরাজ ৩৬ রানের একটা ইনিংস খেলে সাজঘরে ফিরেন। জাতীয় দলের হয়ে এবারই প্রথম উদ্বোধনীতে নেমে যথেষ্টই ভালো একটি ইনিংস খেলেন তিনি। অবশ্য এর পরই মড়ক লাগে বাংলাদেশের ইনিংসে, দ্রুত সাজঘরে ফিরেন ইমরুল কায়েস (২), মুশফিকুর রহিম (৫) ও মোহাম্মদ মিঠুন (২)। 

তবে এক পাশ আগলে রেখেছিলেন লিটন, পরে তিনি ১১৭ বলে ১২১ রান করে আম্পায়ারের এক বিতর্কিত সিদ্ধান্তে আউট হন। তাঁর এই ইনিংসে ১২টি চার ও দুটি ছক্কার মার ছিল।

পরে মাহমুদউল্লাহ (৪) ও মাশরাফি (৭) দ্রুত ফিরে যান। শেষ দিকে নেমে সৌম্য সরকার ৪৫ বলে ৩৩ রান কিছুটা চেষ্টা করলেও, দলের সংগ্রহটা খুব একটা বড় করতে পারেননি।

কুলদীপ যাদব ৪৫ রানে ৩টি এবং কেদার যাদব ৪১ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ান। 

এর আগে ২০১২ পাকিস্তানের কাছে এবং ২০১৬ সালে ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরেছিল বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। 

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ। 

এমবি