নভেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে অংশ নিতে হলে ফিটনেস পরীক্ষা দিতে হবে ক্রিকেটারদের। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণরাই পাবেন খেলার সুযোগ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক’রোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী ছিলেন ক্রিকেটাররা। দেশে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে। যদিও তিন দলের ঐ টুর্নামেন্টে মাত্র জনা পঞ্চাশেক ক্রিকেটার অংশ নেওয়ার সুযোগ পান। টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যা হবে ৮০-র মত।

বিসিবি প্রেসিডেন্টস কাপে দুশ্চিন্তার বড় কারণ ছিল খেলোয়াড়দের ফিটনেস। যে খেলোয়াড়রা নতুন করে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন, তাদের ফিটনেসই আপাতত বেশি ভাবাচ্ছে বোর্ডকে। তাই নিয়ম নির্ধারণ করা হয়েছে- ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিলবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার সুযোগ।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ইতোমধ্যে খেলোয়াড়দের প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন নির্বাচকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, “লকডাউনের সময় জাতীয় দল, এইচপি ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে যেভাবে ফিটনেস নিয়ে কাজ করেছে এতে আমরা বেশ উৎসাহ পেয়েছি। তাদের এই চেষ্টা দলীয় অনুশীলন ও ম্যাচ খেলার সময় সাহায্য করেছে। যারা এই সেটআপের বাইরে ছিল তাদের কথা ভেবেই আমরা ফিটনেস পরীক্ষার জন্য প্রস্তুত হতে আহ্বান জানাচ্ছি।”

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হতে এখনো দুই সপ্তাহের বেশি সময় বাকি। বোর্ডের এই নির্দেশনায় ড্রাফটের ক্রিকেটাররা নিজেদের ফিটনেস নিয়ে কাজ করার সময়-সুযোগ পাবেন। টুর্নামেন্টের ড্রাফটে থাকা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করার পর ফিটনেস পরীক্ষার চূড়ান্ত সূচি জানানো হবে। বিডিক্রিকটাইম

এমবি