ইংল্যান্ড বিশ্বকাপের ২৪তম ম্যাচে ১৫০ রানে হেরে আসরে টানা ৫ম হারের স্বাদ গ্রহণ করলো আফগানিস্তান।
স্বাগতিক ইংল্যান্ডের দেয়া ৩৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান করতে সক্ষম হয় আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন হাসমতউল্লাহ শাহেদী।
এই ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেয়ার তালিকায় শীর্ষে উঠে এলেন রশিদ। তার আগে ১৯৮৩ বিশ্বকাপে ১২ ওভারে ১০৫ রান দিয়ে তালিকায় শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের পেসার বোলার মার্টিন শ্যাডন। দীর্ঘ ৩৭ বছর পর ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ১১০ রান দিয়ে সেই রেকর্ড ভেঙে শীর্ষে উঠে আসলেন আফগান অলরাউন্ডার।
রশিদ-নবীদের ওপর ছক্কা বৃষ্টি ঝরিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা হাঁকানোর নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। গেইল, ডি ভিলিয়ার্স ও রোহিত শার্মার ১৬ ছক্কা মারা রেকর্ড ভেঙে ১৭ ছক্কা হাঁকিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন এই ইংলিশ অধিনায়ক।
আজ (১৮ জুন) মঙ্গলবার ম্যানচেস্টারে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানদের বিপক্ষে ইংল্যান্ড করল ৩৯৭ রান, ৬ উইকেট হারিয়ে।
সতর্ক হয়ে ব্যাট করছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার জেমস ভিন্স ও জনি বেয়ারস্টো। প্রথম পাওয়ার প্লের শেষ ওভারে ৪৪ রানে তাদের বিচ্ছিন্ন করেন দৌলত জাদরান। মুজিব উর রহমানের ক্যাচ হন ভিন্স (২৬)।
এরপর বেয়ারস্টো ও জো রুটের বড় জুটিতে এগিয়ে যেতে থাকে ইংল্যান্ড। মাত্র ১০ রানের জন্য এই বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পাননি বেয়ারস্টো। ৯৯ বলে ৮ চার ও ৩ ছয়ে ৯০ রান করে গুলবাদিন নাইবকে ফিরতি ক্যাচ দেন তিনি। ভাঙে ১২০ রানের শক্ত জুটি।
রুট আরও একটি শক্ত জুটি গড়তে সহায়তা করেন, এবার তার সঙ্গী ছিলেন এউইন মরগান। অবশ্য সেঞ্চুরির বেশ কাছে গিয়ে ফিরে আসেন রুটও। তাকে ফিরিয়ে ১৮৯ রানের জুটি ভাঙেন নাইব। আফগান অধিনায়কের বলে রহমত শাহকে ক্যাচ দেন তিনি ৮৮ রান করে।
ওই ওভারেই মরগানকে দেড়শ ছুঁতে দেননি নাইব। ইংল্যান্ড অধিনায়ক ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রান করে ফিরে যান। ৫৭ বলে ৩ চার ও ১১ ছয়ে ১৩তম শতক পাওয়া মরগান আউট হন ১৪৮ রান করে। মাত্র ৭১ বলে ৪টি চার ও ১৭টি ছয় মেরে এই রান করেন তিনি।
দৌলত তার পরের দুই ওভারে জস বাটলার (২) ও বেন স্টোকসকে (২) ফেরালেও মঈন আলীর ৯ বলে ৩১ রানের ঝড়ে প্রায় চারশ রান করে ইংল্যান্ড। ১টি চার ও ৪টি ছয় মারেন তিনি।
আফগানিস্তানের পক্ষে তিনটি করে উইকেট নেন দৌলত ও নাইব।
ইংল্যান্ড একাদশ: জেমস ভিন্স, জনি বেয়ারেস্টো, জো রুট, এউইন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মঈন আলী, জোফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ।
আফগানিস্তান একাদশ: রহমত শাহ, নুর আলী জাদরান, হাশমতউল্লাহ জাজাই, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খীল (উইকেটরক্ষক), গুলবদিন নাইব (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব-উর রহমান, দৌলত জাদরান।
এমবি





