অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ।

সাফ ফুটবলে বাংলাদেশ-ভারত ম্যাচ হলেই সুখস্মৃতি আপনাকে ফিরিয়ে নেবে ২০১৭ সালের এমনই এক সেপ্টেম্বরে। ভুটানের থিম্পুতে সেদিন প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ৪ গোল করে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ।

ভেন্যু বদলে নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুই বছর বাদে একই টুর্নামেন্টে ৫ দিনের ব্যবধানে আবারও বাংলাদেশ ও ভারত।

আজ (২৯ সেপ্টেম্বর) রোববার বাংলাদেশ সময় বেলা পৌনে ৩টায় কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে লড়াইয়ে নামবে দুই দল।

দলের সাফল্যে আশাবাদী বাংলাদেশ কোচ অ্যান্ড্রু পিটার টার্নার বলেন, “ভারতের বিপক্ষের ম্যাচে আমরা ভালো কিছু করতে চাই। এটা আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ। আশা করি, সাফল্য পাব।”

বাংলাদেশ অধিনায়ক ইয়াসিন আরাফাত বলেন, “আমরা জয়ের জন্য ক্ষুধার্ত। খেলোয়াড়রা সবাই পুরোপুরি সুস্থ ও তৈরি রয়েছে। ম্যাচে আমরা সর্বোচ্চটা দিতে চাই।”

ট্রফিতে চোখ ভারতের কোচ ফ্লয়েড পিন্টোরও বলেন, “আমরা এখানে এক রকম ফুটবল খেলছি। বাংলাদেশ খেলছে অন্য রকম ফুটবল। তবে দুই দলই জানে, ফাইনালে তাদের প্রত্যাশাটা কী। আমি শুধু আমাদের ছেলেদের বলেছি, কোনো চাপ নিয়ো না। ফাইনালটা উপভোগ করো। নির্ভার হয়ে খেললে আমরাই জিতব।”

এর আগে কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আসরের ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। আর মালদ্বীপকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট পায় ভারত।

এমবি