মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের ৩১ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ ৪ উইকেটে জিতলো ওয়েস্ট ইন্ডিজ। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা।

কেপটাউনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার রেজা হেনড্রিকস ও মরনে ভ্যান উইক ভালো সূচনা এনে দিতে না পারেননি দলকে। স্কোর বোর্ডে ৩৩ রান যোগ হতেই ফিরে যান তারা। হেনড্রিকস ১২ ও ভ্যান উইক ১৭ রানে আউট হন।

এরপর মিডল-অর্ডারে অধিনায়ক ফাফ ডু-প্লেসিস ও রিলি রোসোউ ৪৬ রানে জুটি গড়ে দলকে বড় স্কোরের পথ দেখান। প্লেসিস ৩৮ রানে বিদায় নিলেও, ডেভিড মিলার ও ফারহান বেহারদিয়েনকে নিয়ে দলের স্কোর ৪ উইকেটে ১৬৫ রানে নিয়ে যান রোসোউ। টি-২০ ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৪০ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন রোসোউ। এছাড়া মিলার ২৪ রানে আউট হলেও ১৮ রানে অপরাজিত থাকেন বেহারদিয়েন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি উইকেট শিকার করেছেন পেসার শেল্ডন কটরেল।

জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের পালে রানের হাওয়া যোগান ওপেনার ক্রিস গেইল। দক্ষিণ আফ্রিকার বোলারদের সাধারন বোলারে পরিণত করে কেপটাউনের ২২ গজের পীচে ব্যাটিং ঝড় তোলেন গেইল। ফলে ১৭ বলেই হাফ সেঞ্চুরির দেখা পেয়ে যান তিনি। ফলে রেকর্ড বইয়ে দ্রুত হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়ার তালিকায় নিজের নামকে যৌথভাবে দ্বিতীয় স্থানে লেখান গেইল। ঐ স্থানে এখন তার সঙ্গী আয়ারল্যান্ডের পল স্ট্রারলিং ও নেদারল্যান্ডের স্টিফেন মাইবার্গ। ১৭ বলে ২০১২ সালে আফগানিস্থানের বিপক্ষে স্ট্রারলিং এবং ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাইবার্গ হাফ-সেঞ্চুরির দেখা পান। ২০০৭ সালে ১২ বলে হাফ-সেঞ্চুরি করে এই তালিকায় সবার উপরে আছেন ভারতের যুবরাজ সিং।

দ্রুত হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া গেইল, শেষ পর্যন্ত থামেন ৭৭ রানে। তার ৩১ বলের ইনিংসে ৫টি চার ও ৮টি ছক্কার মার ছিলো। গেইল ছাড়াও দলের জন্য ভালো স্কোর করেছেন ডোয়াইন স্মিথ ও মারলন স্যামুয়েলস। স্মিথ ২০ ও স্যামুয়েলস ৪১ রানে করে ফিরেন।

জয়ের দ্বারপ্রান্তে এসে দ্রুত চার উইকেট হারালেও, আন্দ্রে রাসেলের ৬ ও কাইরন পোলার্ডের অপরাজিত ৮ রান ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলেই ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করে। ২৮ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফল বোলার ছিলেন স্পিনার ইমরান তাহির।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা : ১৬৫/৪, ২০ ওভার (রোসোউউ ৫১, প্লেসিস ৩৮, কটরেল ২/৩৩)।

ওয়েস্ট ইন্ডিজ : ১৬৮/৬, ১৯.২ ওভার (গেইল ৭৭, স্যামুয়েলস ৪১, তাহির ৩/২৮)।

ফল : ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

ম্যান অব দ্য ম্যাচ : ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।

জেডআই