চেষ্টা-তদবির করেও শেষ পর্যন্ত ব্যর্থ হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ তিন ম্যাচ ঘরের মাঠে খেলার সুযোগ আর নেই জামাল ভূঁইয়াদের।
শুক্রবার (১২ মার্চ) এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়ে দিয়েছে, ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ‘ই’ গ্রুপের বাকি ম্যাচগুলো কাতারে হবে।
শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে এএফসি। আগামী ৩১ মে থেকে ১৫ জুনের মধ্যে বাছাইয়ের এশিয়ান অঞ্চলের ম্যাচগুলো এক ভেন্যুতে হবে।
‘ই’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে কাতার, ভারত, আফগানিস্তান ও ওমান। এর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে আগামী ২৫ মার্চ হোম ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। সেটি যে আর হচ্ছে না সেটা নিশ্চিত। একই সঙ্গে ওমান ও ভারতের সঙ্গে হোম ম্যাচ খেলার আশা ছাড়তে হচ্ছে বাংলাদেশ ফুটবল দলকে।
আগের সূচিতে ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটির পর ০৭ জুন ভারতের বিপক্ষে ও ১৫ জুন ওমানের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের।
নতুন সূচিতে শুধু প্রথমটির সময় বদলেছে। আফগানদের বিপক্ষে ২৫ মার্চের বদলে ম্যাচটি হবে ০৩ জুন।
বিশ্বকাপের বাছাইপর্বে পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে কেবল একটিতে ড্র করেছে।
শুধুমাত্র কাতারের বিপক্ষে (২০১৯ সালের অক্টোবরে) ঘরের মাঠে খেলেছেন জামাল ভূঁইয়ারা।
‘ই’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তলানীতে বাংলাদেশ। একমাত্র পয়েন্ট ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র থেকে পাওয়া। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতার। দুইয়ে থাকা ওমানের সংগ্রহ ৫ ম্যাচে ১২ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে তিনে আফগানিস্তান ও ৩ নিয়ে পয়েন্ট ভারত রয়েছে চতুর্থ স্থানে।
এমবি





