আজ থেকে শুরু হচ্ছে ‘তৃতীয় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৪’।পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দল।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ অচেনা আফগানিস্তান।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ইসলামাবাদের জিন্নাহ ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে।
আফগানিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম ম্যাচ। তাই অচেনা প্রতিপক্ষের বিপক্ষে চোখ-কান খোলা রেখেই খেলতে হবে বাংলাদেশকে।
তারপরও জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক সুইনু প্রু মারমা বলেন, ‘প্রথম ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আফগানিস্তান দলে যেমন বিদেশি বংশোদ্ভুত খেলোয়াড় রয়েছে তেমনি রয়েছে বিদেশি লিগে খেলা খেলোয়াড়ও। তাই তাদের বিপক্ষে ম্যাচটি বেশ কঠিন হবে। কিন্তু আমরা জয়ের জন্যই মাঠে নামব। চেষ্টা করব জয় ছিনিয়ে আনতে।’
এর আগে ২০১০ সালে দেশের মাটিতে আয়োজিত প্রথম সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তিনটি ম্যাচের দুটিতে জয় পেয়েছিল। তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছিল। কিন্তু ২০১২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ।
ইআর





