সেভিয়াকে উড়িয়েই স্প্যানিশ কাপ কোপা ডেল রে’তে টানা চতুর্থ শিরোপা জিতেছে বার্সেলোনা।

লা লিগায় শিরোপা থেকে এক জয় দূরে থাকা কাতালান জায়ান্টরা কাল মেসি, সুয়ারেজ, ইনিয়েস্তা ও কৌতিনহোর গোল নৈপুন্যে ৫-০’তে জেতে ফাইনাল।

শনিবার এই ফাইনালে মুখোমুখি হওয়ার আগে দু’দলের শেষ দেখা হয়েছিল লা লিগায় গত ৩১ মার্চ।

সেভিয়ার মাঠে সে ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর বদলি নামা মেসি ও সুয়ারেজের গোলে হার এড়ায় অপরাজিত বার্সা।

এবার অ্যাটলোটিকো মাদ্রিদের মাঠেও মেসিকে আটকাতে পারেনি ভিনচেঞ্জো মন্তেয়ার শিষ্যরা। ‘ভিনগ্রহের’ এই ফুটবলার একটি গোল করে অবদান রাখেন সুয়ারেজের দ্বিতীয় ও ইনিয়েস্তার একমাত্র লক্ষ্যভেদে।

সুয়ারেজের সুযোগ ছিল হ্যাটট্রিকের। কিন্তু ৬৯ মিনিটে পাওয়া পেনাল্টিতে কৌতিনহো নেন সফল স্পট কিক। কোপা ডেল রে’তে রেকর্ড ৩০ বার চ্যাম্পিয়ন হয়ে মৌসুমে ‘ডাবল’ জয়ের অপেক্ষায় আর্নেস্তো ভালভার্দের দল। লা লিগায় শেষ পাঁচ ম্যাচ থেকে একটি জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে বার্সার।

এএস