পাকিস্তানের বিপক্ষে টেস্টে ধবল ধোলাই হয়েছিল অস্ট্রেলিয়া। সেই হারের রাজ্য থেকে বের হতেই পারছে না। এবার দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি ম্যাচেও হেরেছে তারা। বুধবার অ্যাডিলাড ওভালে প্রথম ম্যাচে সাত উইকেটে হেরেছে অসিরা।
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৪ রান করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে শেন ওয়াটসন ৪৭ রান করেন। আর ফকনার ৪১ রান নিয়ে অপরাজিত থাকেন। তবে বাকিরা আশা জাগানো স্কোর করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বোলার অ্যাবোট সর্বোচ্চ তিনটি উইকেট পান।
জবাবে খেলতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় সফরকারীরা। তবে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান উদ্বোধনী জুটির ডি কক ও ওয়ানডাউনে মাঠে নামা রুশো। রুশো আউট হলে ভেঙে যায় তাদের ১২৯ রানের জুটি। ৫০ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৭৮ রান করেন রুশো।
দলীয় রানের খাতায় আর কোনো রান যোগ হওয়ার আগে বিদায় নেন ডি ককও। ৩৯ বলে চারটি চার ও একটি ছক্কায় ৪৬ রান করেছেন তিনি। শেষ পর্যন্ত ডুমিনি (৬) ও মিলার (৯) এক ওভার হাতে থাকতেই দলের জয় নিশ্চিত করেন। এতে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারী দলটি।
জেডআই





