আগের দিন জিম্বাবুয়ে কোচ জানিয়েছিলেন মাসাকাদজা-টেইলরদের ব্যাটে রান আসছে। হ্যামিল্টন মাসাকাদজা ভালো শুরুর জানান দিয়েও পরেননি।

তবে ব্রেন্ডন টেইলরের ব্যাটে ভর করে দারুণভাবে এগিয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করছে জিম্বাবুয়ে।

টেইলরের ব্যাটে যখন ম্যাচে আধিপত্ব দেখাতে শুরু করছিল সফরকারীরা, তখন এই ব্যাটারকে ফিরিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৯.৩ ওভারে ১৪৭ রান তৃতীয় উইকেট পড়ল জিম্বাবুয়ের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার ম্যাচটি শুরু হয়েছে দুপুর আড়াইটায়। দিবারাত্রির ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ।

এদিন জিম্বাবুয়ের পক্ষে ওপেন করতে নামেন মাসাকাদজা ও কেপাস জুয়াও। বাংলাদেশের হয়ে দুই প্রান্ত থেকে মাশরাফি ও মোস্তাফিজুর রহমান বোলিং শুরু করেন। এই দুজনের করা প্রথম ৪ ওভারে জিম্বাবুয়ে তুলে ১৭ রান। যার ১৪ রানই ছিল মাসাকাদজার।

আগের ম্যাচে ঝড়ো শুরু করা জুয়াও এদিন একটু খোলসে বন্দি। তবে মাসাকাদজা ভয় ধরানোর আগেই তাকে ফিরিয়েছেন সাইফউদ্দিন। উইকেটরক্ষক মুশফিকুর রহীমের গ্লাভসে ক্যাচ বানিয়েছেন তাকে। সাইফউদ্দিনের উইকেট উদযাপনও ছিল দেখার মতো। ১৮ বলে ২ চারে ১৪ রান করে ফিরেন মাসাকাদজা।

এরপর টেইলর ও জুয়াও জুটি বেশ ভোগালেন। ৫২ রান তুলে ফেলেন দুজন। টেইলর বেশি মারমুখি। তবে জুটিটি ভাঙা ছিল বেশ জরুরী। ১২তম ওভারের শেষ বলে জুয়াওকে লং অফে ফজলে রাব্বীর হাতে ক্যাচ বানান মিরাজ। ২৭ বলে ১ চার ও ১ ছক্কায় ২০ রান করেছেন জুয়াও।

তবে টেইলর দারুণ খেলতে থাকেন। শেন উইলিয়ামসকে নিয়ে তৃতীয় উইকেটে ৭৭ রান যোগ করেন তিনি। তুলে নেন ক্যারিয়ারের ৩৫তম ফিফটি। শেষ পর্যন্ত যখন ফিরলেন তখন তার নামের পাশে ৭৩ বলে ৭৫ রান। ৯টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা। এএস