ইন্দোর টেস্টের প্রথম দিন ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে অলআউট হয় সফরকারীরা। ব্যাটিংয়ের পর বল হাতেও হতাশার পরিচয়।
আজ শুক্রবার দ্বিতীয় দিনের পরীক্ষার সামনে বাংলাদেশ। স্বাগতিকদের আটকানোর কঠিন সময়ে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ দুটি উইকেট এনে দিলেন আবু জায়েদ চৌধুরী একাই। চেতেশ্বর পুজারা ও অধিনায়ক বিরাট কোহলিকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিলেন এই পেস বোলার।
দিনের শুরুতে বদলি ফিল্ডার সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরালেন পূজারাকে। ফেরার আগে ৫৪ রান করেন পূজারা। এর পর চারে ব্যাট করতে নামা কোহলিকে রানের খাতা খুলতে দেননি আবু জায়েদ। এলবির ফাঁদে ফেলে শূন্য রানে স্বাগতিক অধিনায়ককে সাজঘরে পাঠান তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার নতুন অধিনায়ক মুমিনুল হকের হাত ধরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পা রাখে বাংলাদেশ। কিন্তু ঐতিহাসিক এই টেস্টে প্রতিপক্ষ ভারতের সামনে দাঁড়াতেই পারেনি না লাল-সবুজের দল। অশ্বিন-শামিদের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় বাংলাদেশ প্রথম ইনিংস ১৫০ রানে গুটিয়ে যায়।
বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেটে ৮৬ রানে দিন শেষ করে ভারত। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই রোহিত শর্মাকে হারায় ভারত। আবু জায়েদ চৌধুরীর বলে ক্যাচ তুলে দিয়ে ছয় রানে সাজঘরে ফিরে যান স্বাগতিক ওপেনার।
অবশ্য রোহিত ফিরলেও খুব একটা সমস্যা হয়নি ভারতের। শেষ বিকেলেই বাংলাদেশের মামুলি সংগ্রহের কাছাকাছি পৌঁছে যায় তারা। দিন শেষে উইকেটে ৩৭ রানে অপরাজিত ছিলেন মায়াঙ্ক। তাঁর সঙ্গে ৪৩ রানে ব্যাট করছিলেন পুজারা।
চলতি বছর ১ আগস্ট অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে টেস্ট র্যাকিংয়ের সেরা ৯টি দল। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে প্রবেশ করেছে বাংলাদেশও।
এই প্রতিযোগিতায় অংশ নেওয়া নয় দলের মধ্যে সাতটি দলেরই টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা হয়েছে। অপেক্ষায় ছিল শুধু বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের সে অপেক্ষা শেষ হয় গতকাল।
এমআর





