জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকে জয়ের স্মৃতি নিয়ে আজ রোববার ওয়ানডে মিশন শুরু করছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ সফরকারীদের মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মুর্তজার দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছে। ৭২ বারের মুখোমুখি লড়াইয়ে টাইগাররা জিতেছে ৪৪টিতেই, জিম্বাবুয়ের জয় ২৮টি।
গেল বছর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছিল টাইগাররা। এদিন দলপতি মাশরাফি বিন মুর্তজার সঙ্গে একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে গড়া হয়েছে বাংলাদেশ একাদশ।
এদিকে ২০১৮ সালে সব শেষ জাতীয় দলের হয়ে খেলা ওপেনার চামু চিবাবার কাছে দায়িত্ব দেয়া হয়েছে জিম্বাবুয়ের।
দুই দলই নিজেদের শেষ পাঁচ ম্যাচ হেরেছে। অর্থাৎ এই ম্যাচ দিয়েই নতুন ৫০ ওভারের ক্রিকেটে ঘুরে দাঁড়াতে চায় দলদুটি।
সিলেটের মাটিতে ২০১৮ সালে হওয়া একমাত্র ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সুখ-স্মৃতি রয়েছে বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ
চামু চিবাবা (অধিনায়ক), থিনাসে কামুনহুকামওয়ে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, রিচমন্ড মুতুম্বামি, রেগিস চাকাভা, সিকান্দার রাজা, ওয়েসলে মাধেভেরে, ক্রিস্টোফার এমপফু, কার্ল মুম্বা, ডোনাল্ড টিরিপানো ও আইন্সলে দলুভু।
এএস





