অল রাউন্ডার মোহাম্মদ হাফিজের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। শনিবার ডাম্বুলায় অনুষ্ঠিত প্রথম ম্যাচটি ৬ উইকেটে জিতে নিয়েছে সফরকারীরা।
সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রন জানায় পাকিস্তান। ব্যাটিং-এ নেমে শুরুটা ভালোই করে লংকানরা। উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করেন স্বাগতিক দু’ওপেনার কুশাল পেরেরা ও তিলকরত্নে দিলশান। ২৬ রান করা পেরেরাকে আউট করে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন অফ-স্পিনার মোহাম্মদ হাফিজ।
এরপর দলের স্কোরে রানের হাওয়া যুগিয়েছেন পরবর্তী ব্যাটসম্যানরাও। কিন্তু প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউ বড় ইনিংস খেলতে পারেননি বা বড় জুটিও গড়তে পারেননি। তারপরও লড়াই করার মত স্কোর শ্রীলংকা পেয়েছে ছয় নম্বরে ব্যাটিং-এ নামা দীনেশ চান্ডিমালের কল্যানে। ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরি তুলে শেষ পর্যন্ত ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া লংকান অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ ও তিলকরতেœ দিলশান ৩৮ রান করে করেন। ফলে ৮ উইকেটে ২৫৫ রান সংগ্রহ পায় শ্রীলংকা। পাকিস্তানের পক্ষে ৪১ রানে ৪ উইকেট নিয়েছেন হাফিজ। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং।
২৫৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৬৫ রানের মধ্যে আজহার ও আহমেদ শেহজাদ ফিরে গেলে চিন্তায় পড়ে যায় পাকিস্তান। কিন্তু পাকিস্তানের সেই চিন্তা দূর করেন তিন নম্বরে ব্যাট হাতে নামা হাফিজ। ওয়ানডে ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে পাকিস্তানের জয়কে সহজ করেছেন তিনি। মিডল-অর্ডারে তাকে দারুন সঙ্গ দেন শোয়েব মালিক। হাফিজ ১০৩ রানে আউট হন। তার ৯৫ বলের ইনিংসে ১০টি চার ও ৪টি ছক্কার মার ছিলো। আর মালিক ৪৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ম্যাচের সেরা হয়েছেন হাফিজ। আগামী ১৫ জুলাই পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলংকা ও পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলংকা : ২৫৫/৮, ৫০ ওভার (চান্ডিমাল ৬৫*, ম্যাথুজ ৩৮, দিলশান ৩৮, হাফিজ ৪/৪১)।
পাকিস্তান : ২৫৯/৪, ৪৫.২ ওভার (হাফিজ ১০৩, মালিক ৫৫*, শেহজাদ ২৯, লাকমল ১/২১)।
ফল : পাকিস্তান ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)।
জেডআই





