তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে দিবারাত্রির ম্যাচটি জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় দুই দলই। ম্যাচ খেলার জন্য এরই মধ্যে নেপিয়ারে পৌঁছে গেছে বাংলাদেশ দল।
বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের নাম নিউজিল্যান্ড সফর। তিন ফরম্যাট মিলিয়ে এখানে ২১ ম্যাচ খেলে সবগুলোতেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের।
এক দশক ধরে অবশ্য নিউজিল্যান্ডের সঙ্গে একটা মনস্তাত্ত্বিক লড়াই চলছে বাংলাদেশের। ঘরের মাঠে সুযোগ পেলেই ছড়ি ঘোরাচ্ছে পরস্পরের ওপর। ঘরের মাঠে সর্বশেষ দুটো সিরিজেই সফরকারী কিউইদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে বিপরীত চিত্র।
হারে হারে বিপর্যস্ত টাইগাররা। এমনি অবস্থায় বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। নেপিয়ারে দিবা-রাত্রির এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়া আর দলের সবার একসঙ্গে অনুশীলনে ঘাটতি থাকলেও মিরাজ জানিয়েছেন, সিরিজে ভালো করার বিষয়ে আশাবাদী বাংলাদেশ দল।
আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচে টপঅর্ডার রান না পেলেও মিডলঅর্ডার ব্যাটসম্যানরা রান করেছেন। সবাই কঠোর পরিশ্রম করছে। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই। আশা করছি, ভালো কিছু হবে।’
অন্যদিকে, সম্প্রতি নিজেদের মাটিতে শক্তিশালী ভারতের কাছে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে এ হেরেছে নিউজিল্যান্ড। তবে টি-টোয়েন্টি সিরিজটা জিতে আত্মবিশ্বাসী কেন উইলিয়ামসনের দল।
ইনজুরি কাটিয়ে দলে ফিরে এসেছেন ডানহাতি মারকুটে ব্যাটসম্যান মার্টিন গাপটিল। দলের অন্য ক্রিকেটাররা বেশ ভালো ফর্মেই আছেন। তাই বাংলাদেশকে একচুলও ছেড়ে কথা বলবে না কিউইরা।
এএস





