আগামী ১৬ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। এশিয়া কাপে প্রথমবারের মতো খেলতে এসে স্বাগতিক বাংলাদেশকে হারিয়েছিল তারা। সেই সঙ্গে স্বাগতিকদেরকে ফের হারানোর প্রত্যয়ও ব্যক্ত করেছিলেন দলনেতা মোহাম্মদ নবী। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে জয় খরা কাটিয়ে টাইগাররা স্বস্তিতে ফিরলেও পিছিয়ে নেই আফগানরা। বাংলাদেশের জয়ের দিনে জয় পেয়েছে তারাও।
বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে টসজয়ী আফগানিস্তান। রানের খাতা খোলার আগে প্রথম উইকেট হারালেও দলনেতা মোহাম্মদ নবী সর্বোচ্চ ৪০ রান করে দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া করিম সাদিক ও শফিকুল্লাহ প্রত্যেকে ৩৯ রান করে করেন।
জবাবে ডি/এল পদ্ধতিতে নেদারল্যান্ডসের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১২২ রান। কিন্তু আফগানদের বোলিং বোমায় ১২.৩ ওভারে মাত্র ৮৬ রানেই অল আউট হয়ে যায় তারা। দলের পক্ষে সোয়ার্টের ২০ রানই উল্লেখযোগ্য। বোলার আফতাব আলম চারটি ও হামজা হোটাক তিনটি উইকেট পান।