বিশ্বকাপে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদানের নিয়মে নতুন পরিবর্তন এনেছে ফিফা। এখন থেকে মুসলিম ফুটবলার ও অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় কিংবা যারা নিজেদের কোনো মদ প্রস্তকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত করতে চান না, তাদের জন্য বিশেষ ধরনের ট্রফি দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান ফিফা বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য বেশ কয়েকজন মুসলিম খেলোয়াড়ের ম্যাচসেরা পুরস্কারে ব্র্যান্ডবিহীন সংস্করণ পাওয়ায় এই পরিবর্তনটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
স্কটল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম দ্রুততম গোলটি করার পর মরক্কোর ইসমাইল সাইবারি ম্যান অফ দ্য ম্যাচ সম্মাননা অর্জন করেন। তার পুরস্কার প্রদান অনুষ্ঠানে, পুরস্কারের পৃষ্ঠপোষক বিয়ার কোম্পানি মিশেলব আলট্রার চিরাচরিত ব্র্যান্ডিং ব্যাকড্রপ এবং ট্রফির ভিজ্যুয়াল থেকে অনুপস্থিত ছিল।
এর পরিবর্তে, পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফিফা বিশ্বকাপের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি একটি নিরপেক্ষ “সুপিরিয়র প্লেয়ার অফ দ্য ম্যাচ” ডিজাইন প্রদর্শন করা হয়।

জানা গেছে, একই পদ্ধতি আরও বেশ কয়েকজন মুসলিম খেলোয়াড়ের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন মিশরের ইমাম আশুর, জর্ডানের আলি ওলওয়ান, ইরানের রামিন রেজাইয়ান ও আলি বেইরানভান্দ এবং কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা।
ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কারটির পৃষ্ঠপোষক একটি বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তবে মুসলিম খেলোয়াড়দের ক্ষেত্রে ট্রফি এবং আনুষ্ঠানিক ছবি তোলার সময় ওই প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করা হচ্ছে না। এর পরিবর্তে ট্রফিতে শুধু ম্যাচসেরা খেলোয়াড়ের স্বীকৃতির লেখা এবং বিশ্বকাপের নিজস্ব নকশা রাখা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়কে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ হওয়ায় মুসলিম খেলোয়াড়দের বিশ্বাসের প্রতি সম্মান জানাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, কোনো খেলোয়াড় চাইলে তার অনুরোধের ভিত্তিতে লোগোবিহীন পুরস্কার ও ছবি তোলার পটভূমি ব্যবহার করা সম্ভব।
এই সুবিধা শুধু মুসলিম খেলোয়াড়দের জন্য নয়। অন্য কোনো ধর্মের খেলোয়াড়ও যদি মদ প্রস্তকারী প্রতিষ্ঠানের লোগোর সঙ্গে নিজেদের যুক্ত করতে না চান, তাহলে তারাও একই সুযোগ পাবেন।
এর আগে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপেও একই নীতি অনুসরণ করেছিল ফিফা। তখন প্যারিসের একটি ক্লাবের মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি এবং ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে খেলা এস্তেভাও লোগোবিহীন ট্রফি গ্রহণ করেছিলেন। হাকিমির ক্ষেত্রে কারণ ছিল ধর্মীয় বিশ্বাস, আর এস্তেভাও তখন অপ্রাপ্তবয়স্ক ছিলেন।
অ্যালকোহল পণ্যের পৃষ্ঠপোষকতা নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। ২০১৮ বিশ্বকাপে মিসরের গোলরক্ষক মোহাম্মদ এল-শেনাওয়ি ধর্মীয় কারণে প্রচলিত ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করেননি। সে সময় বিষয়টি বিশ্ব ফুটবলে ব্যাপক আলোচনা তৈরি করেছিল।
এমএম