বার্জার পেইন্টস জাতীয় দাবার নবম রাউন্ডের খেলা শেষে শীর্ষ স্থানে রয়েছেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। ৯ খেলায় ৮ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন তিনি।

সোমবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত নবম রাউন্ডের খেলায় জিয়া ফায়ার-সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাসুম হোসেনকে পরাজিত করেন।

বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন সাড়ে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এ রাউন্ডে এনামুল ঢাকা মোহামেডানের মাহতাব উদ্দিন আহমেদকে পরাজিত করেন।

গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল-রাকিব সাত পয়েন্ট নিয়ে তৃতীয় এবং ঢাকা মোহামেডানের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাড়ে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।

এ রাউন্ডের খেলায় রাকিব তিতাস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে ও নিয়াজ লিওনাইন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে পরাজিত করেন।

দিনের অন্য ম্যাচগুলোতে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ একসেস গ্রুপের উতেনকে এবং একই দলের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের গোলাম মোস্তফা ভুঁইয়াকে পরাজিত করেন।

জেডআই