ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে নতুন দলের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে। গত দুই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান এবার খেলবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আগামী ৭ এপ্রিল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মোস্তাফিজুর রহমানের দল।
আইপিএলে অংশ নিতে মোস্তাফিজুর রহমান এখন ভারতে অবস্থান করছেন। গত শনিবার ভারতে যান তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে এখন অনুশীলনে ব্যস্ত মোস্তাফিজুর রহমান। তার অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাগেযাগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনুশীলনের ছবি টুইটারে পোস্ট করে মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের অনুশীলন ক্যাম্পে। এখানকার পরিবেশ মনোমুগ্ধকর।’
বাংলাদেশ থেকে এবার আইপিএলে অংশ নিবেন দুইজন। তারা হলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও এবার খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।
এসএম





