ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিরিজটি আগামী বছরের শুরুতে আয়োজনের জন্য নতুন সময় খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ নিয়ে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ও বিসিবির মধ্যে আলোচনা চলছে। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, সফরটি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের পাশাপাশি ভারত সরকারের সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে। জানুয়ারিতে সিরিজ আয়োজনের সম্ভাবনাই এখন তুলনামূলকভাবে বেশি।

আগের সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে ভারতের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। ম্যাচগুলো হওয়ার কথা ঢাকা ও চট্টগ্রামে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, সফরটি নিয়ে দুই বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। সিরিজটি আয়োজনের স্বার্থে প্রয়োজনে ম্যাচের তারিখে কিছুটা পরিবর্তন আনা হতে পারে বলেও জানান তিনি।

সিরিজের নতুন সূচি চূড়ান্ত করতে দুই দেশের ক্রিকেট বোর্ড সমন্বিতভাবে কাজ করছে। তবে ভারত সফরের বিষয়ে এখনো বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সব আলোচনা শেষে দুই বোর্ডের সম্মতিতেই সিরিজের নতুন তারিখ ও সূচি নির্ধারণ করা হবে।

এস