বিপিএলের বাঁচামরার লড়াইয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে নাসিরের সিলেট সিক্সার্স। এ জয়ের মধ্য দিয়ে শেষ চারের আশা জিইয়ে রাখল সিলেট।
বিজয়ী দলের অধিনায়ক নাসির হোসেনের ঘূর্ণিজাদুতে দিনের প্রথম ম্যাচে ৬৭ রানে অলআউট হয়ে যায় চিটাগং। এটি এবারের আসরে সর্বনিম্ন রানের রেকর্ড।
পরে সহজ টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন রিজওয়ান। তার সঙ্গী অ্যান্ড্রু ফ্লেচার করেন ৩২ রান।
আজ (রোববার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাসির। তার সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রতীয়মাণ হয় নাসিরের ঘূর্ণিজাদু আর নাবিল সামাদ ও শরীফুল্লাহর বোলিং অ্যাকশনে।
ঘূর্ণিজাদুতে চিটাগংয়ের ব্যাটসম্যানদের ফাঁদে ফেলে ৫ উইকেট তুলে নেন নাসির।আর নাবিল সামাদ ৩ ও শরীফুল্লাহ ২ উইকেট নিয়ে চিটাগংকে ৬৭ রানেই বেঁধে ফেলেন।
চিটাগংয়ের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন ইরফান শুক্কুর। লুইস রিচ ১২ ও স্টেইন ভ্যান জিল করেন ১১ রান।
নাসিরদের শেষ ম্যাচটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। সেই ম্যাচটিও যদি জিততে পারে দলটি, তা হলে শেষ ৪ নিশ্চিত হতে পারে। তবে অবশ্যই তাদের জয়ের পাশাপাশি শেষ দুটি ম্যাচেই হারতে হবে রংপুর রাইডার্সকে।
এমবি





