রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়ে মৌসুমের প্রথম পেশাদার ফুটবল টুর্নামেন্ট ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র- এই ৬ দলের পর বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের নতুন চ্যাম্পিয়ন।
রোববার (০৫ ডিসেম্বর) আসরের ফাইনালে দেনিয়েল কলিন্দ্রেসের জোড়া গোলে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা জিতল অস্কার ব্রুজোনের শিষ্যরা।
বসুন্ধরা কিংসের শিরোপা জয়ের মধ্যে দিয়ে ৮ বছর পর নতুন চ্যাম্পিয়ন পেলো ফেডারেশন কাপ। ২০১২ সালে সর্বশেষ নতুন চ্যাম্পিয়ন হয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র।
ইতিহাস গড়ার সুযোগ ছিল পুরোনো ঢাকার ক্লাব রহমতগঞ্জের সামনেও। ৪১ মিনিটে পিছিয়ে পড়ে ৬৪ মিনিটে ম্যাচেও ফিরেছিল তারা। কিন্তু ৭৬ মিনিটে গোলরক্ষকের অমার্জনীয় এক ভুলে ম্যাচে এগিয়ে যায় বসুন্ধরা। সেই গোল ধরে রেখে ট্রফি নিয়ে ঘরে ফেরে গত মৌসুমে দুটি শিরোপা জেতা দলটি।
৪১ মিনিটে ডান দিক থেকে বিশ্বনাথের ক্রসে দারুণ এক হেডে গোল করে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন কলিন্দ্রেস। ৬৪ মিনিটে শাহেদের কর্নার থেকে মমৌদো বা গোল করে সমতা আনেন; কিন্তু ৭৬ মিনিটে কামারা গোলরক্ষককে কাটিয়ে লিটনকে বল পাস দিলে তিনি নিয়ন্ত্রনে নিতে পারেননি। বল কেড়ে নিয়ে জালে পাঠান কলিন্দ্রেস।
গত মৌসুমে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে আবাহনীর কাছে হেরেছিল বসুন্ধরা কিংস। এবার প্রতিপক্ষ ছিল অপেক্ষাকৃত দূর্বল। সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়ে ফেডারেশন কাপ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখালো ঘরোয়া ফুটবলের নতুন পরাশক্তিরা।





