ইংল্যান্ড বিশ্বকাপের শেষ ম্যাচে বাংলাদেশের বড় হার। পাকিস্তানের কাছে ৯৪ রানে হেরেছে টাইগাররা। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১ রানে জয় পেয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ।
৩১৬ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শাহিন শাহ আফ্রিদির কাছেই হেরে গেছেন সাকিব-তামিমরা। ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানি ওই বোলার।
৪৪ ওভার ১ বল খেলে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২১ রান। এই পরাজয়ের মধ্যদিয়ে ৯ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে স্থায়ী জায়গা হলো সাকিব-মাশরাফিদের।
অন্যদিকে, টেবিলের চতুর্থ দল নিউজিল্যান্ডের সমান সংখ্যক পয়েন্ট নিয়েও রান রেটে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান। তবে টানা চতুর্থ জয়ে টেবিলের পঞ্চমস্থানে থাকলো সরফরাজরা।
টেবিলের শীর্ষ ৪ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হলো অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের।
এর আগে আজ (০৫ জুলাই) শুক্রবার ইংল্যান্ডের লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।
ইমাম উল হকের ১০০ ও বাবর আজমের ৯৬ রানের ইনিংসে ভর করে ৩১৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে ৫ উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। জবাবে খেলতে নেমে সব উইকেট হারিয়ে ২২১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান একাদশ: ৩১৫/৯ (ফখর ১৩, ইমাম , বাবর ৯৬, হাফিজ ২৭, হারিস ৬, ইমাদ ৪৩, সরফরাজ ৩*, ওয়াহাব ২ , শাদাব ১ , আমির ৮ , শাহীন ০* ; মিরাজ ১/৩০, সাইফুদ্দিন ৩/৭৭, মোস্তাফিজ ৫.৭৫, মাশরাফি ০/৪৬, সাকিব ০/৫৭, মোসাদ্দেক ০/২৭ )
বাংলাদেশ একাদশ: ৪৪.১ ওভারে ২২১ (তামিম ৮, সৌম্য ২২, সাকিব ৬৪ , মুশফিক ১৬, লিটন ৩২, মাহমুদউল্লাহ ২৯, মোসাদ্দেক ১৬, সাইফুদ্দিন ০, মিরাজ ৭*, মাশরাফি ১৫, মোস্তাফিজ ; হাফিজ ০/৩২, আমির ১/৩১, শাহিন ৬/৩৫ , ওয়াহাব ১/৩১, ইমাদ ০/২৬, শাদাব ২/৫৯ )
টস: পাকিস্তান
ফল: পাকিস্তান ৯৪ রানে জয়ী।
এমবি





