জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে’কে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর নতুন কোচ হিসেবে অন্তবর্তীকালীন দায়িত্ব দেয়া হয়েছে বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজন’কে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সাফ, যুব এশিয়ান কাপ বাছাই ও শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ থাকবেন অস্কার ব্রুজন।
জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, “নেপালে ত্রিদেশীয় সিরিজ এবং কিরগিজস্তানে তিন ম্যাচের পারফরম্যান্স পর্যালোচনা করে আমরা জেমি ডে’র উপর সন্তুষ্ট নই। আমাদের সভাপতি মহোদয়ও কোচ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। সামগ্রিক বিচার বিশ্লেষণ করে আমরা জেমি ডে’কে আগামী তিন মাস জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অস্কার ব্রুজনকে দুই মাসের জন্য অর্ন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হচ্ছে।”
জেমি ডে’র সাথে বাফুফের চুক্তি আরো প্রায় এক বছর রয়েছে। চুক্তি থাকায় জেমি ডে’কে সরাসরি বাদ বা বরখাস্ত বলছে না দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। জেমি ডে সম্পর্কে নাবিল বলেন,‘ আগামী তিন মাস তিনি জাতীয় দলের সাথে দায়িত্বে থাকবেন না। এরপর আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
আগামী ০১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশ দলের কোচ হিসেবে যাত্রা শুরু হবে অস্কার ব্রুজনের। আসল পরীক্ষাটা তার সেখানেই। এরপর আগামী ৮-১৭ নভেম্বর শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে খেলবে মালদ্বীপ, সিসেলস আইল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সত্যজিত দাশ রুপু।
এমবি





