এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলতে শিলংয়ে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে হামজা চৌধুরির পাশাপাশি ওঠে এসেছে ভারতের সুনীল ছেত্রীর প্রসঙ্গও। আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ ৯৪ গোল করেছেন সুনীল, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারতও তাঁকে অবসর ভেঙে ফিরিয়েছে।
তবে সুনীল ভারতের দলে ফিরলেও হামজাকেই এগিয়ে রেখেছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘সুনীলের সঙ্গে হামজার তুলনা হয় না। সুনীল খুব ভালো খেলোয়াড়। দেশের হয়ে দারুণ খেলেছে। কিন্তু সত্যি বলতে হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড়।’
হামজাকে নিয়ে জামাল আরও বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। হামজা বিশ্বমানের ফুটবলার। আমাদের দলে হামজা এসেছে এবং সেটা অন্যান্য ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে। বাংলাদেশে এসে সে প্রতিনিধিত্ব করছে। যখন সে জাতীয় সংগীত গাইবে, তখন গায়ের লোম দাঁড়িয়ে যাবে তার।’
এইচআর