লা লিগায় রোববার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নামে লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত হারের ২-১ গোলে পিছিয়ে পড়ে দলটি। অবশেষে খেলার শেষ ১০ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে হার এড়ায় দলটি। একই রাতে আলমেরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
রোববার রাতে স্টেডিও ভিনসেন্ট কালদেরোনে ড্রয়ের পরও বার্সেলোনার থেকে এক পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে রিয়ালের চেয়ে তিন পয়েন্ট কমে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
নগরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে খেলার ৩ মিনিটেই অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস থেকে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। তবে বিরতির আগে কোক এবং গাবির গোলে এগিয়ে যায় স্বাগতিক অ্যাটলেটিকো। যদিও এই দুই গোলের আগে দিয়াগো কোস্তাকে ফাউল করার অপরাধে সার্জিও রামোসের বিপক্ষে পেনাল্টির আবেদন বিতর্কিত ভাবে নাকচ করে দিয়েছিলেন রেফারি।
দ্বিতীয়ার্ধেও আরেকটি পেনাল্টির আবেদনকে কেন্দ্র করে অ্যাটলেটিকোর সহকারী কোচ মোনো বারগোস রেফারির সাথে বিতর্কে জড়িয়ে গেলে তাকে ডাগ আউট থেকে বের করে দেয়া হয়। তবে সব কিছুকে পিছনে ফেলে ৮২ মিনিটে রোনালদো যখন সমতাসূচক গোলটি করেন তখন পুরো স্টেডিয়ামে স্বাগতিক দর্শকরা হতাশায় ভেঙ্গে পড়ে।
ক্যাম্প ন্যুতে দিনের অপর ম্যাচে সানচেজ, মেসি, পুয়ল এবং জাভির গোলে আলমেরিয়াকে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। আট মিনিটেই সেস ফ্যাব্রেগাসের শট আলমেইরা গোলরক্ষক এস্তেবান ধরতে ব্যর্থ হলে তার থেকে অ্যালেক্সিস সানচেজ দলকে এগিয়ে দেন। ২৪ মিনিটে ২৫ গজ দুর থেকে দূর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুন করেন লিওনেল মেসি। গত ছয় ম্যাচে এটি ছিল মেসির অষ্টম গোল। ২৭ মিনিটে অ্যাঞ্জেল ট্রুজিলো আলমেরিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন। তবে দ্বিতীয়ার্ধের ৮৩ ও ৮৮ মিনিটে কার্লোস পুয়ল এবং জাভি স্বাগতিকদের পক্ষে আরো দুটি গোল করলে কাতালানরা বড় জয় নিয়েই মাঠ ছাড়ে।
খেলা
রিয়ালকে বাঁচালেন রোনালদো, বড় জয় বার্সার