কনুইয়ের ইনজুরিতে বিপিএল ছেড়ে অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছেন ডেভিড ওয়ার্নার। ফলে সিলেট সিক্সার্সের অধিনায়কত্ব পেয়েছিলেন সোহেল তানভীর। তিনি দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেলেন মাত্র এক ম্যাচ। গেল মঙ্গলবার খুলনা টাইটানসের বিপক্ষে হারের পর তার হাত থেকে অধিনায়কের আর্মব্যান্ড খুলে নিয়েছে সিলেট।


নতুন অধিনায়ক হয়েছেন অলক কাপালি। তবে টসভাগ্যকে পাশে পাননি তিনি। হেরে গেছেন মেহেদী হাসান মিরাজের কাছে। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস।

বিপিএলের চলতি আসরে নাজুক অবস্থায় সিলেট। ৮ ম্যাচে ২ জয় ও ৬ পরাজয়ে টেবিলের তলানিতে ‘চায়ের দেশ’। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। সমানসংখ্যক ম্যাচ খেলে ৪টি করে জয়-পরাজয়ে পঞ্চম স্থানে রাজশাহী। আগেভাগে কোয়ালিফাইংয়ের খেলা নিশ্চিত করতে হলে ম্যাচটিতে জয় গুরুত্বপূর্ণ কিংসদেরও।

রাজশাহী কিংস একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান (উইকেটরক্ষক), আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাটে, লরি ইভান্স, ফজলে মাহমুদ, ক্রিশ্চিয়ান জোনকার ও সেক্কুলে প্রসন্নে।


সিলেট সিক্সার্স সম্ভাব্য একাদশ: অলক কাপালি (অধিনায়ক), নিকোলাস পুরান, সোহেল তানভীর, মোহাম্মদ নওয়াজ, জেসন রয়, লিটন দাস, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, এবাদত হোসেন ও নাবিল সামাদ।