লা লিগার ইতিহাসেই সর্বোচ্চ গোলদাতা তিনি। আর বার্সেলোনার হয়ে যত গোলের রেকর্ড গড়েছেন, সেগুলো কত শতাব্দী ধরে টিকে থাকবে, কে জানে। তবে একটি রেকর্ডে কিন্তু আপাতত চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর পেছনে নিজেকে আবিষ্কার করবেন লিওনেল মেসি। যেটি মোটেও ভালো লাগবে না তাঁর।
রোনালদোকে খুব ‘পছন্দ’ করে বার্সেলোনার গ্যালারি। কাল মাঠে নামার সময় পুরো গ্যালারি যেভাবে দুয়োর গর্জন তুলল, অন্তত ওই মুহূর্তের জন্য ‘মোর দ্যান আ ক্লাব’ স্লোগানটি বড় বেমানান লাগল।
তবে রোনালদোও এমন দুয়োর জবাব ভালো করেই দেন বারবার। তিনিও যে ন্যু ক্যাম্পে গোল করতে বরাবরই ভালোবাসেন। কাল এল ক্লাসিকোতে বার্সেলোনার মাঠে নিজের ১১তম গোল করলেন। আর এই গোলের রেকর্ডে পেছনে ফেললেন মেসিকে। এল ক্লাসিকোতে নিজেদের মাঠে মেসির গোল ১০টি।
মেসির অবশ্য রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১৪টি গোল আছে, যেটিও রেকর্ড। সর্বশেষ যে গোলটা এসেছিল গতবার লিগের শেষ এল ক্লাসিকো। ৯২ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে ৩-২ ব্যবধানে জিতিয়েছিলেন। লিগের শিরোপা লড়াইয়েও ফিরেছিল বার্সা।
ওই গোলের পরই মেসি জার্সি খুলে বার্নাব্যুর গ্যালারিকে দেখান। যেটি বিখ্যাত এক উদ্যাপন হয়ে আছে। কাল ঠিক যেন তার জবাব দিলেন রোনালদো।
অবশ্য এল ক্লাসিকোতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি মেসির কাছ থেকে রোনালদো নিতে পারবেন কি না, সন্দেহ আছে। এল ক্লাসিকোতে ৩৪ ম্যাচে ২৫ গোল করেছেন মেসি। আরেক আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর ১৮ গোলের রেকর্ড ভেঙেছেন অনেক দিন হলো। ২৮ ম্যাচে রোনালদোর গোল এখন ১৭টি। বয়স আর গোলের ব্যবধানের কারণে এই রেকর্ড রোনালদোর জন্য নাগালের অনেক বাইরে। অবশ্য রোনালদো ভাঙতে পারবেনই না, তাও বাজি ধরে বলা কঠিন। ডি স্টেফানোর রিয়ালের রেকর্ডটা যে এই মৌসুমেই ভাঙছে, তা তো প্রায় নিশ্চিত।
এই ম্যাচের আরও কিছু রেকর্ড-পরিসংখ্যান জেনে নিন:
*কাল রিয়ালের তৃতীয় গোলটি করেছেন মার্কো এসেনসিও। ২১ বছর বয়সী এই তরুণ রিয়ালের হয়ে লা লিগা, কোপা ডেল রে, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপের পর এবার স্প্যানিশ সুপার কাপেও অভিষেকেই গোল করলেন।
*এল ক্লাসিকো মানেই বাড়তি উত্তেজনা। ফলাফল লাল কার্ড! সর্বশেষ ২৯টি এল ক্লাসিকোতে রেফারির পকেট থেকে ১৮টি লাল কার্ড বেরিয়েছে। এর ১৩টি দেখেছেন রিয়ালের খেলোয়াড়েরা। সব প্রতিযোগিতা মিলিয়ে কাল রোনালদোর লাল কার্ডটি রিয়ালের ক্যারিয়ারে তাঁর ষষ্ঠ। তবে এল ক্লাসিকোতে প্রথম।
*নিজেদের মাঠে প্রথম লেগে হেরেও স্প্যানিশ সুপার কাপ জেতা সর্বশেষ দল জারাগোজা। ২০০৪ সালে নিজেদের মাঠে ১-০ গোলে হারার পর ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে ৩-১-এ জিতেছিল তারা।
*২০১৬ সালের এপ্রিল থেকে রিয়াল টানা ৬৭ ম্যাচে গোল করল।
*কোচ জিনেদিন জিদান প্রতিযোগিতামূলক ম্যাচে আর্নেস্তো ভালভার্দের কাছে কখনো হারেননি। চার ম্যাচের প্রতিটিতে জিতলেন।
*একুশ শতকে এল ক্লাসিকোতে বার্সার হয়ে আত্মঘাতী গোল করা প্রথম খেলোয়াড় হয়ে গেছেন পিকে!
এল ক্লাসিকোর সর্বোচ্চ গোলদাতা
নাম ক্লাব গোল
লিওনেল মেসি
বার্সেলোনা
২৫
আলফ্রেডো ডি স্টেফানো
রিয়াল মাদ্রিদ
১৮
ক্রিস্টিয়ানো রোনালদো
রিয়াল মাদ্রিদ
১৭
রাউল
রিয়াল মাদ্রিদ
১৫
এবি





