ক্রিকেটাঙ্গনের সত্যিকারের সুপারম্যান তিনি। বছরের পর বছর ধরে ব্যাট-বল-ফিল্ডিংয়ের পাশাপাশি নেতৃত্বেও চমক দেখিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অল-রাউন্ডার।
তার মুকুটে এবার যুক্ত হলো নতুন পালক। দেশি-বিদেশি মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ আসর মিলিয়ে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
আজ মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান শামসুর রহমানের উইকেট নিয়ে এ রেকর্ড গড়েন তিনি।
এবারের বিপিএল শুরুর আগে ৬২ ম্যাচে সাকিবের উইকেট ছিল মোট ৮৩টি উইকেট। ফলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন ছিল আরও ১৭টি উইকেট।
মঙ্গলবারের আগে চলতি বিপিএলে ৭ ম্যাচ খেলে ১৪ উইকেট পান সাকিব। মঙ্গলবার তামিম ইকবাল, শহীদ আফ্রিদি ও শামসুর রহমানের উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭টি উইকেট বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলপতির দখলে।
এএস





