জিতলেই স্বপ্নের ফাইনাল। মাঠে নামার আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মনে নিশ্চয় কেবল এই বাক্যটাই ঘুরেছে। ফাইনালের দৌড়ে আপাতত কিছুটা এগিয়ে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করতে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৯২ রানের লক্ষ্য দিয়েছে সাকিবের দল।

ঢাকার উইকেটে এই রান অতিক্রম করতে হলে তামিম-ইমরুল-স্যামুয়েলস-ব্রাভো-মালিকদের মধ্যে কাউকে ক্রিস গেইলের ভূমিকা পালন করতে হবে। বিপিএলের আজকের দিনের প্রথম ম্যাচটা দেখে থাকলে বিষয়টি বুঝতে পেরেছেন আপনি।

আজ টস জিতেছিলেন সাকিব আল হাসান। অন্য দলগুলোর মতো ফিল্ডিং না নিয়ে ব্যাটিং বেছে নেন ঢাকার অধিনায়ক।

দ্বিতীয় ওভারেই মেহেদী মারুফ বিদায় নিলেও ঢাকার সমর্থকদের সেটা মনেই করতে দেননি এভিন লুইস ও জো ডেনলি। মাত্র ৬ ওভারের জুটিতে ৬৯ রান তুলে নেন এই দুই ব্যাটসম্যান।

দলীয় ৮০ রানে লুইস ফিরলেও চার-ছয়ের ছন্দটা ধরে রাখেন কাইরন পোলার্ড। ১৮ বলে ৩১ রান করেন পোলার্ড। এর আগে ৩২ বলে ৪৭ রান করেন লুইস।

পোলার্ড, জো ডেনলি ও সাকিব দ্রুত বিদায় নিলেও ঢাকার চাকাটা সচলই রাখেন শহীদ আফিদি। ১৯ বলে চার ছক্কায় ৩০ রান করেন পাক সুপারস্টার।

শেষ দুই ওভারে রান তোলার ছন্দ্টা ধরে রাখতে পারেননি জহুরুল-নারাইনরা। ফলে ৭ উইকেটে ১৯১ রানেই থাকে ঢাকার ইনিংস।

খুলনার হয়ে হাসান আলী তিনটি ও ব্রাভো নেন দুটি উইকেট।

এমএ