ত্রিদেশীয় টি-২০ সিরিজে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন মোহাম্মদ নবী। তার ব্যাটিং ঝড়ে ৬ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আফগানিস্তান। পাওয়ার প্লেতে ৪১ রানে ৪ উইকেটে হারিয়ে কোণঠাসা হয়ে পড়া আফগানিস্তান, প্রথম ১০ ওভারে সংগ্রহ করে ৬০/৪ রান।
এরপর আসগর আফগানের সঙ্গে পঞ্চম উইকেটে ৭৯ রানের জুটি গড়েন মোহাম্মদ নবী। তাদের এই জুটিতেই বড় সংগ্রহের পুঁজি পায় আফগানরা। নবীর অনবদ্য ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৪ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান।
টাইগারদের বোলিংকে শাসিয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৫৪ বলে ৭টি ছক্কা ও তিনটি চারের সাহায্যে অপরাজিত ৮৪ রান করেন নবী।
রোববার (১৫ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় আফগানরা।
আফগান শিবিরে প্রথম আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার দুর্দান্ত এক ডেলিভারিতে ভেঙে যায় রহমানউল্লাহ গুরবাজের স্টাম্প। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন আফগান এ ওপেনার। সাইফউদ্দিনের বলে গুরবাজের অফ স্টাম্প ভেঙে যায়।
এরপর দ্বিতীয় ওভারে সাকিব আল হাসানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অন্য ওপেনার হযরতউল্লাহ জাজাই। নিজের দ্বিতীয় এবং ইনিংসের তৃতীয় ওভারে ফের বোলিংয়ে এসে নাজিব তারাকির উইকেট তুলে নেন সাইফউদ্দিন।
আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন নজিবুল্লাহ জাদরান। শনিবার ৩০ বলে অপরাজিত ৬৯ রান করা আফগান এ তারকা ব্যাটসম্যানকে খোলস থেকে বের হওয়ার আগেই সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন সাকিব। সাজঘরে ফেরার আগে ৭ বলে মাত্র ৫ রান করার সুযোগ পান নজিবুল্লাহ।
আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, নাজিব তারাকি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এমবি





