খেলার শুরু থেকে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে জয় পেল 'গার্লফ্রেন্ড অব ইতালি' খ্যাত জুভেন্টাস। রোববার 'এ' লিগের অল স্টারস দলের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে সিরি-'এ' লিগের চ্যাম্পিয়ন দলটি।
সিডনির এএনজেড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে মাত্র নয় মিনিটে লিড নেয় অল স্টারস। মিডফিল্ডার মার্সেলো আদ্রিয়ান এই গোলটি করেন। বিরতের আগে অনেক চেষ্টা করলেও গোলটি শোধ করতে পারেনি জুভেন্টাস।
বিরতির পর খেলার ৫৯ মিনিটে গোলের দেখা পায় সফরকারী দলটি। প্যাট্রিস ইভ্রার কাছ থেকে বল পেয়ে ফার্নান্দো লরেন্টে জুভেন্টসাকে সমতায় ফেরান। তবে ৭৭ মিনিটে ফের লিড নেয় অস্ট্রেলিয়ার দলটি। এই গোলটি করেন তুমি জুরিচ।
তবে তাদের আনন্দ শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। ৮৮ মিনিটে জুভেন্টাসকে সমতায় ফেরান তরুণ তারকা পল পোগবা। নাটকীয়তার শুরু এখান থেকেই। ২-২ গোলে সমতায় শেষ হয় ৯০ মিনিটের লড়াই। কিন্তু ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে দলকে এগিয়ে দেন সিমন পেপে। শেষ মুহুর্তের এই গোলটি শোধ করার সুযোগ পায়নি শুরু থেকে এগিয়ে থাকা অল স্টার্স। ফলে জয় নিয়ে মাঠে ছাড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





